ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক সিরিজ পর দলে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল ও জুনায়েদ সিদ্দিক। তাদের সঙ্গী হচ্ছেন পেসার রবিউল ইসলামও। লর্ডসে টেস্ট অভিষেকের পরপরই দল থেকে বাদ পড়েছিলেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে দলে থাকলেও টেস্ট দলে এই প্রথম ডাক পেলেন শুভগত হোম চৌধুরী। আর এই প্রথম জাতীয় দলে এলেন নাসির হোসেন।
অধিনায়ক ও সহ-অধিনায়ক পদে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে রেখেই শুক্রবার বিসিবি এই দল ঘোষণা করে। সিলেটের একটি হোটেলে বিসিবির মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের এই দল সম্পর্কে বিস্তারিত জানান।
গত ইংল্যান্ড সফরে টেস্ট দলে থাকা সগির হোসেন এবার দল থেকে বাদ পড়েছেন। তার সঙ্গী হচ্ছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দিনের সিরিজে দলে থাকা অলক কাপালী, নাইম ইসলাম, রকিবুল হাসান ও সোহরাওয়ার্দী শুভ।
এই পাঁচজনকে রাখা হয়েছে 'স্ট্যান্ডবাই' তালিকায়।
টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পওয়া শুভগত হোম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এর আগে অস্ট্রেলিয়া সিরিজে দলে ছিলাম। সেবার খেলার সুযোগ হয়নি। তবে আমি পরিশ্রম করছি। এবার খেলার সুযোগ হলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।"
এই প্রথম দল নির্বাচন করলেন সাবেক অধিনায়ক আকরাম খানের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচক কমিটি। তার সঙ্গে আছেন সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন আকরাম। হাবিবুল দলের হাল ধরেন ২০০৪ সালে। তিনি এই দায়িত্ব পালন করেন ২০০৭ সাল পর্যন্ত। আর ১৯৯০ সালে দু'টি খেলায় দলের নেতৃত্ব দেন মিনহাজ।
জিম্বাবুয়ে সফরের জন্য গত ৩০ জুন প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৩ সদস্যের সেই দলের প্রস্তুতি শুরু হয় ৩ জুলাই থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে।
খেলোয়াড়দের অনুশীলনের দিকটি আপাতত দেখাশোনা করছেন অন্তবর্তীকালীন কোচ সারওয়ার ইমরান। জাতীয় দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল'র শিগগিরই দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ একমাত্র টেস্টটি খেলবে ৪ অগাস্ট, হারারেতে। পাঁচটি একদিনের ম্যাচও খেলবে দুই দল। বাংলাদেশ দলের ২৮ জুলাই জিম্বাবুয়ে পৌঁছানোর কথা।
জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। সেখান থেকেই দলের সঙ্গে যোগ দেবেন তারা। গত বছরের ৩১ ডিসেম্বর এই দুই জনের হাতে এক বছরের জন্য দলের নেতৃত্ব তুলে দেয় বিসিবি।
১৫ জনের দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নাজমুল হোসেন, শাহরিয়ার নাফীস, রবিউল ইসলাম, শুভগত হোম চৌধুরী, (উইকেটরক্ষক) ও নাসির হোসেন।
স্ট্যান্ড বাই: নাঈম ইসলাম, সোহরাওয়ার্দী শুভ, অলক কাপালী, সৈয়দ রাসেল ও সগির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএম/জেকে/১১২৭ ঘ.
bdnews24