সিলেট, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট বিভাগীয় স্টেডিয়ামই বাংলাদেশের অষ্টম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর মর্যাদা পাবে বলে আশা করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
শুক্রবার বিকেলে সিলেট শহরের একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত 'ক্রিকেট উন্নয়ন' বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, "অবকাঠামোগত কিছু উন্নয়নের পর সিলেট বিভাগীয় স্টেডিয়াম আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পাবে।"
বাংলাদেশের সাতটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর মধ্যে তিনটিই ঢাকায়। এছাড়া চট্টগ্রামের দুটি, বগুড়া ও খুলনায় একটি করে স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা দিয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, "সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে প্রতিষ্ঠা করতে অবকাঠামোগত উন্নয়ন, ইনডোর স্টেডিয়াম ও ক্রিকেট একাডেমি নির্মাণের জন্য ৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।"
২০১৩ সাল নাগাদ এ সব কাজ শেষ হতে পারে বলে জানান তিনি।
আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পেতে হলে সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আইসিসির ছাড়পত্র পেতে হবে।
বিসিবি সভাপতি আহম মুস্তফা কামাল মত বিনিময় সভায় বলেন, "আন্তর্জাতিক ভেন্যুর জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাই সিলেটে রয়েছে। এ জন্য ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সব সহযোগিতা দেওয়া হবে।"
মত বিনিময় সভার প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অন্যদের মধ্যে বিসিবির সহ-সভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ববি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ কয়েস, হাফিজ আহমদ মজুমদার, সৈয়দা জেবুন্নেছা হক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বিসিবি সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএম/জেকে/১৯২৫ ঘ.
bdnews24