২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের বাউন্সারে আকরামের হুক

ঘোষণার আগে জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল নিয়ে খবর প্রকাশ করায় সাংবাদিকদের তীব্র সমালোচনা করেছেন প্রধান নির্বাচক আকরাম খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘোষণার আগে জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল নিয়ে খবর প্রকাশ করায় সাংবাদিকদের তীব্র সমালোচনা করেছেন প্রধান নির্বাচক আকরাম খান। তিনি বলেন, "এ ধরনের খবর মেনে নেয়া যায় না।" রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের কার্যালয়ে আকরাম সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করে বলেন, "আমাদের (নির্বাচকরা) সঙ্গে কথা না বলে এ ধরনের খবর প্রচার করা ঠিক না। এটি খুবই দুঃখজনক।" এ সময় অন্য দুই নির্বাচক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন। পত্রিকায় যে দল প্রচার করা হয়েছে, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক অধিনায়ক। তিনি বলেন, "এটা মোটেও আমার দল নয়। নির্বাচকদের সই করা কোনো দল কোনো সাংবাদিক পাননি।" "আমার কাছে সব সাংবাদিকই সমান," বলেন তিনি, "কোনো সাংবাদিক বাড়তি সুবিধা পাবেন না। দল ঘোষণা করা হলে সব সাংবাদিককেই একসঙ্গে তা জানানো হবে।" ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন আকরাম। হাবিবুল দলের লাগাম হাতে তুলে নেন ২০০৪ সালে। এই দায়িত্ব পালন করেন তিনি ২০০৭ সাল পর্যন্ত। আর ১৯৯০ সালে দু'টি খেলায় দলের নেতৃত্ব দেন মিনহাজ। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ একটি টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে। বাংলাদেশ দলের ২৮ জুলাই জিম্বাবুয়ে পৌঁছার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৩৮ ঘ.