২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ উড়িয়ে দলেন আকরাম

চাপের মুখে জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলে পরিবর্তন আনার অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান। তিনি বলেন, কারো চাপের মুখে দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাপের মুখে জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলে পরিবর্তন আনার অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান। তিনি বলেন, কারো চাপের মুখে দলে কোনো পরিবর্তন আনা হয়নি। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজের কার্যালয়ে সাংবাদিকদের আকরাম বলেন, "অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি, করবোও না। কারো অনুরোধে দলে পরিবর্তন আনলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না।" "বাংলাদেশের জন্য যা ভালো আমরা (নির্বাচকরা) তাই করবো বলে ঠিক করেছি। অন্য কারো কথা শুনে বা অনুরোধে দল নির্বাচন করলে সারা জীবন নিজেকে ছোট মনে হবে," বলেন তিনি। এ সময় অন্য দুই নির্বাচক সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন উপস্থিত ছিলেন। নির্বাচক কমিটি স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি করেন সাবেক অধিনায়ক। তিনি বলেন, "আমরা স্বাধীনভাবে কাজ করছি। দল ঘোষণার আগে চুক্তিতে বোর্ডের 'টেকনিক্যাল' কমিটির সঙ্গে আলোচনা করার কথা উল্লেখ রয়েছে। আমরা তাদের সঙ্গে আলোচনাও করেছি।" বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক অন্য পরিচালকদের সামনে একাধিকবার দলে কাউকে নেয়ার জন্য প্রধান নির্বাচককে ফোন করেন। যাদের উপস্থিতিতে ফোন করেন তাদের সূত্র ধরে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে আকরাম বলেন, "যিনি আপনাদের বলেছেন, যার কথা বলেছেন তাদের এখানে নিয়ে আসুন। সামনা সামনি কথা হোক, সব পরিস্কার হয়ে যাবে।" ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন আকরাম। হাবিবুল দলের লাগাম হাতে তুলে নেন ২০০৪ সালে। এই দায়িত্ব পালন করেন তিনি ২০০৭ সাল পর্যন্ত। আর ১৯৯০ সালে দু'টি খেলায় দলের নেতৃত্ব দেন মিনহাজ। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ একটি টেস্ট ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলবে। বাংলাদেশ দলের ২৮ জুলাই জিম্বাবুয়ে পৌঁছার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১০২ ঘ.