ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ দল।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, জাতীয় ক্রিকেট একাডেমি ও ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টা থেকে অনুশীলন করতে মাঠে নামেন প্রাথমিক দলের সদস্যরা।
অন্তবর্তীকালীন কোচ সারোয়ার ইমরানের তত্ত্বাবধানে সকাল থেকে একাডেমি মাঠের সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেন দলের ব্যাটসম্যানরা।
অন্যদিকে নেটে বোলিং অনুশীলন করেন পেসাররা। তাদের অনুশীলন দেখভাল করেন একাডেমি দলের বিশেষজ্ঞ কোচ জিওফ লওসন।
একাডেমির সেন্টার উইকেটে সন্তুষ্ট নন ইমরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার তিনি বলেন, "আজ (বুধবার) অনুশীলন ভালো হয়নি। উইকেট ভালো ছিল না। দুই-একদিন পর হয়তো উইকেট ভালো হবে। কিন্তু আজ বাউন্স ছিল অসমান।"
জিম্বাবুয়ে সফরের আগে শতভাগ প্রস্তুতি নেয়া সম্ভব হয়েছে কি না, তা বলার সময় এখনো আসেনি বলে মনে করেন ইমরান। তিনি বলেন, "ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আরো দু'টি প্রস্তুতি ম্যাচ আছে। খেলা দু'টি দেখে বলা যেতে পারে প্রস্তুতি শতভাগ হয়েছে কি না।"
১৭-১৮ জুুলাই প্রথম ও ২০-২১ জুলাই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা। তবে এবার প্রাথমিক দলের খেলোয়াড়দের ভাগ হয়ে নয়, একাডেমি দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত দলের খেলোয়াড়রা খেলবেন বলে আভাস দেন তিনি।
তবে এই দল এখনো ঘোষণা করা হয়নি। শুক্রবার দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক সাবেক অধিনায়ক আকরাম খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৯৪৬ ঘ.
bdnews24