ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল বৃহস্পতিবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক আকরাম খান।
রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার আকরাম সাংবাদিকদের বলেন, "দল নির্বাচন করা হয়ে গেছে। এই কাজটি করেছি আমরা তিন নির্বাচক একসঙ্গে বসে। কাল (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলন ডেকে দল ঘোষণা করা হবে।"
এই প্রথম দল নির্বাচন করলেন সাবেক অধিনায়ক আকরাম খানের নেতৃত্বাধীন তিন সদস্যের নির্বাচক কমিটি। অন্য দুই সদস্য হলেন সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন আকরাম। হাবিবুল দলের লাগাম হাতে তুলে নেন ২০০৪ সালে। এই দায়িত্ব পালন করেন তিনি ২০০৭ সাল পর্যন্ত। আর ১৯৯০ সালে দু'টি খেলায় দলের নেতৃত্ব দেন মিনহাজ।
২৩ সদস্যের প্রাথমিক দলের প্রস্তুতি শুরু হয় ৩ জুলাই থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে। ৩০ জুন এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আপাতত খেলোয়াড়দের অনুশীলন দেখভাল করছেন অন্তবর্তীকালীন কোচ সারওয়ার ইমরান। কিছু দিনের মধ্যে দলের দায়িত্ব নেবেন জাতীয় দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল।
বাংলাদেশ একমাত্র টেস্ট খেলবে ৪ অগাস্ট হারারেতে। সফরে পাঁচটি একদিনের ম্যাচও খেলবে তারা।
জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। পরে দলের সঙ্গে যোগ দেবেন তারা। গত বছরের ৩১ ডিসেম্বর তাদের এক বছরের জন্য অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়।
প্রাথমিক দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, সোহরাওয়ার্দী শুভ, নাজমুল হোসেন, শাহরিয়ার নাফীস, অলক কাপালী, সৈয়দ রাসেল, রবিউল ইসলাম, শুভগত হোম চৌধুরী, সগির হোসেন (উইকেটরক্ষক), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস ও জহুরুল ইসলাম ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৫৩ ঘ.
bdnews24