২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০০০তম টেস্টকে স্মরণীয় করে রাখতে

২০০০তম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে সর্বকালের সেরা টেস্ট দলের নাম ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 06:14 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০০তম টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে সর্বকালের সেরা টেস্ট দলের নাম ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি সোমবার এক বিবৃতিতে জানায়, ক্রিকেট-ভক্তদের ভোটে দলটি গঠন করা হবে। লর্ডসে জুলাইয়ের ২১ তারিখে ২০০০তম টেস্ট খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড। সিরিজে আরো তিনটি টেস্ট খেলবে দেশ দু'টি। লর্ডস টেস্টের আগের সপ্তাহেই সর্বকালের সেরা টেস্ট দল ঘোষণা করা হবে। ৬০ জন খেলোয়াড়কে ছয় ভাগে ভাগ করেছে আইসিসি; উদ্বোধনী ব্যাটসম্যান (দু'জন), মাঝের সারির ব্যাটসম্যান (তিনজন), উইকেটরক্ষক (একজন), অলরাউন্ডার (একজন) পেস বোলার (তিনজন) ও স্পিনার (একজন)। আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ তার পছন্দের খেলোয়াড়কে ভোট দিতে পারবেন। এ প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, "২০০০তম টেস্ট শুরু হতে যাচ্ছে। তাই দুর্দান্ত ও নজরকাড়া খেলোয়াড়দের স্মরণ করার এটাই উপযুক্ত সময়।" সর্বকালের সেরা টেস্ট দলে জন্য ৬০ জন ক্রিকেটার বাছাই করা যে কতটা কঠিন, সে ব্যাপারে মন্তব্য করতে গিয়ে লরগাত বলেন, "অনেক কিংবদন্তী খেলোয়াড়ের মধ্য থেকে 'শর্ট-লিস্ট' তৈরি করা হয়েছে। আমি ভালোভাবেই জানি, এতে বিতর্কের সৃষ্টি হবে।" এখনও ক্রিকেট খেলছেন এমন ৫ জন খেলোয়াড় এই তালিকায় স্থান পেয়েছেন। তারা হলেন বীরেন্দর শেবাগ, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও মার্ক বাউচার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/০০১২ ঘ.