২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনদের জন্য আঞ্চলিক একাডেমি হচ্ছে: লিপু

নবীন ক্রিকেটারদের গড়ে তুলতে সাতটি আঞ্চলিক একাডেমি তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবীন ক্রিকেটারদের গড়ে তুলতে সাতটি আঞ্চলিক একাডেমি তৈরি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু। গাজী আশরাফ সোমবার বলেন, নবীন ক্রিকেটারদের গড়ে তোলার জন্য আঞ্চলিক একাডেমি তৈরির পরিকল্পনা রয়েছে। মোট সাতটি আঞ্চলিক একাডেমি তৈরি করা হবে। বর্তমানে নতুন ক্রিকেটারদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে জাতীয় ক্রিকেট একাডেমিতে। এটি জিপি-বিসিবি একাডেমি নামে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি গাজী আশরাফ বলেন, "জাতীয় একাডেমিতে দেশের বিভিন্ন অঞ্চলের সম্ভাবনাময় তুরুণদের নিয়ে আসা হয়। এই ক্রিকেটারদের সহায়তা করতে কয়েকটি আঞ্চলিক একাডেমি তৈরির পরিকল্পনা আমাদের রয়েছে।" তিনি বলেন, "একাডেমিতে ডাক পাওয়া ক্রিকেটারদের জন্য এটা একটা পুরস্কার। মূলত ১৯ বছরের কম বয়সী খেলোয়াড়দের একাডেমিতে আনা হয়।" "আঞ্চলিক একাডেমি চালু হলে বিভিন্ন এলাকার নবীন ক্রিকেটারদের মেধা পরিচর্যার কাজ শুরু হবে। আমরা অনেক দিন ধরেই আঞ্চলিক একাডেমি তৈরির কথা বলছি," বলেন সাবেক অধিনায়ক। তিনি বলেন, "আসছে ইজিএমে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। তবে এখনই হয়তো সব অঞ্চলে একাডেমি তৈরির কাজ একসঙ্গে শুরু করা সম্ভব হবে না।" সিদ্ধান্ত নেয়ার পরও একাডেমি তৈরির কাজ শুরু করতে একটু সময় লাগতে পারে বলে উল্লেখ করে গাজী আশরাফ বলেন, "এই কাজ শুরু করতে দেড় বছর লাগতে পারে। প্রাথমিকভাবে গুরুত্ব অনুযায়ী, একটি বা দু'টির কাজ শুরু হবে। ঢাকা বাদ দিলে সাতটি আঞ্চলিক একাডেমি তৈরি করা হবে বলে তিনি জানান। বলেন, এক্ষেত্রে ঢাকাসহ মোট একাডেমির সংখ্যা হবে আটটি।" প্রথম সাতটি একদিনের খেলায় গাজী আশরাফ বাংলাদেশ দলের নেতৃত্ব দেন। ১৯৮৬ সালে এশিয়া কাপে দু'বার, ১৯৮৮ সালে এশিয়ান কাপে তিনবার ও দু'বার নেতৃত্ব দেন তিনি ১৯৯০ সালে অস্ট্রেলিয়া-এশিয়া কাপে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭২৮ ঘ.