ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলীয় জেসন সুইফটকে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার বিসিবি'র পাঠানো এক বিবৃতিতে বলা হয়, "ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব ল্যাঙ্কাশায়ারের ফিল্ডিং কোচ সুইফটকে বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।"
দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। বিসিবি আশা করছে জিম্বাবুয়ে সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন ৪০ বছর বয়সী সুইফট।
এ মাসের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। গত মাসের শেষ দিকে স্টুয়ার্ট লকে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি।
সুইফট ইসিবির লেভেল চার পর্যায়ের একজন কোচ। ছয় মৌসুম ধরে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে কাজ করছেন। কাউন্টি'র কোল্টস টিমের প্রধান কোচ এবং একাডেমির সহকারী কোচ হিসেবেও তিনি কাজ করছিলেন।
অস্ট্রেলিয়ার ক্যানবেরা কমেটসের হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০০ পর্যন্ত লিগ ক্রিকেট খেলেন। কুইনবিয়ান ক্রিকেট ক্লাবের (ক্যানবেরা) অধিনায়ক ছিলেন তিন বছর। বাঁহাতি ব্যাটসম্যান সুইফট বল্টন লিগে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডের অধিকারী। এক মৌসুমে ১৭৯৭ রান করে ওই রেকর্ড গড়েন। সর্বোচ্চ অপরাজিত ২২৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/২৩৩৪ ঘ.
bdnews24