ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলে নিজেদের প্রমাণের সুযোগ চান নাসির হোসেন ও ইলিয়াস সানি।
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন রোববার জাতীয় ক্রিকেট একাডেমি স্টেডিয়ামে আলো ছড়ান এই দুই খেলোয়াড়। লাল দলের নাসির অপরাজিত থাকেন ১০১ রানে। খেলায় এটিই একমাত্র শতক। অন্যদিকে সবুজ দলের পক্ষে সানি ৪ উইকেট নেন ৪০ রানে।
ম্যাচ শেষে নাসির বলেন, "এর আগেও প্রাথমিক দলে ছিলাম। কিন্তু কখনো জাতীয় দলে খেলা হয়নি। এবার একটি সুযোগ চাই। কঠোর পরিশ্রম করছি, আশা করি সুযোগ পেলে কাজে লাগাতে পারবো।"
দলের অন্য ব্যাটসম্যানদের যেখানে রানের জন্য, উইকেটে টিকে থাকার জন্য লড়াই করতে হয়েছে সেখানে বেশ সাবলীল ছিলেন নাসির। নিজের ব্যাটিংয়ে সন্তুষ্ট নাসির বলেন, "আজকের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট। দলের বিপদের সময় ব্যাট করতে নিয়েছিলাম। যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবেই খেলেছি। অনেক পরিশ্রম করছি, আজ তার ফল পেলাম।"
এক মাসের কন্ডিশনিং ক্যাম্পে থেকে ফিটনেসের বেশ উন্নতি হয়েছে বলে মনে করেন। তিনি বলেন, "এক মাসের কন্ডিশনিং ক্যাম্পে থেকে বেশ উপকার হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যেও ব্যাট করতে কোনো সমস্যা হয়নি।"
লাল দলের নাসিরের উচ্ছ্বসিত প্রশংসা করেন সবুজ দলের সানি। তিনি বলেন, "নাসির আজ দারুণ ব্যাট করেছেন। অন্যদের রানের জন্য লড়াই করতে হলেও বেশ সহজেই রান পেয়েছেন তিনি।"
প্রথম দিন ব্যাটসম্যানরা ভালো করলেও দ্বিতীয় দিনটি বোলারদের। প্রথম দিনের ব্যাটিং পিচ কী দ্বিতীয় দিন বোলিং পিচ হয়ে গেল? তা মনে করেন না সানি। তিনি বলেন, "পিচ ঠিকই ছিল। বোলাররা বাড়তি সুবিধা পায়নি। নাসির তো রান পেয়েছে, শতরান করেছে। পিচে কোনো সমস্যা ছিল না। পেসাররা আমাদের ভালেঅ একটা সূচনা এনে দেন। তা ছাড়া প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন বল একটু ঘুরেছে।"
অনেক দিন পর বল করতে নেমে এখনো নিজেদের ছন্দে পৌঁছতে পারেন নি বলে মনে করছেন সানি। তিনি বলেন, "জাতীয় লিগের পর এই প্রথম বল করলাম। প্রস্তুতি ম্যাচে নিজের বোলিংয়ের ৬০ শতাংশ করতে পেরেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০০৭ ঘ.
bdnews24