২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক নয়, খেলোয়াড় হিসেবে আসতে পারেন আফ্রিদি

অধিনায়ক হিসেবে শহিদ আফ্রিদির প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট। তবে খেলোয়াড় হিসেবে দলে তিনি থাকতে পারেন বলেও জানিয়েছেন বাট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 05:10 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক হিসেবে শহিদ আফ্রিদির প্রত্যাবর্তনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট। তবে খেলোয়াড় হিসেবে দলে তিনি থাকতে পারেন বলেও জানিয়েছেন বাট। জিও সুপার টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বাট বলেন, "আমি যতদূর জানি অধিনায়ক হিসেবে পিসিবির ভাবনায় আফ্রিদি আর নেই। তিনি পাকিস্তানের একজন ভালো ক্রিকেটার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। খেলোয়াড় হিসেবে অতীতেও ভালো করেছেন তিনি।" গত মে মাসে আফ্রিদি 'শর্তাধীন' অবসরের ঘোষণা দেন। বোর্ডের নেতৃত্বে পরিবর্তন হলে পুনরায় খেলার কথা ভাববেন বলেও জানান। পিসিবি তার সে ঙ্গ কেন্দ্রীয় চুক্তি স্থগিত করে ও অনাপত্তিপত্র প্রত্যাহার করে নেয়। এরপর আফ্রিদি আদালতের দ্বারস্থ হন। তবে আদালতের বাইরে পিসিবি ও তিনি একটি সমঝোতায় পৌঁছান। আফ্রিদি আচরণবিধি ভঙ্গের দায়ে ৪.৫ মিলিয়ন রুপি জরিমানা দেন। বোর্ড আফ্রিদিকে ঘরোয়া টি-টোয়েন্টি ও ইংল্যান্ডে খেলার অনুমতি দেয়। বাট বলেন, "সিন্ধুর গর্ভনর আমাকে ফোন করে এক ঘন্টা কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও ফোন করেন। আমি তাকে বলি এটা রাজনৈতিক কোনো ইস্যু নয়। এটা ভিন্ন কিছু, আমরা রাজনীতির অংশ নই।" পিসিবি চেয়ারম্যান বলেন, অন্তত ২০-২৫ জন রাজনীতিক আমাকে এ ব্যাপারে ফোন করেন। তিনি তাদের সবাইকে বলেন আফ্রিদি ছাড়পত্র চাইলে তাকে আইনের পথ ধরেই হাঁটতে হবে। তিনি বলেন, "যদি তা নয় হয় কোনো চাপের মুখেই আমি মাথা নত করবো না।" বিতর্ক চাঙ্গা করার কোনো ইচ্ছে আফ্রিদির নেই। বাটের সাক্ষাৎকার প্রচারিত হওয়ার কয়েক ঘন্টা পর দ্য নিউজকে তিনি বলেন, "আমি এখন তাদের (পিসিবি ও বাট) ব্যাপারে ভাবতেও চাই না। আমি আমার ক্রিকেট উপভোগ করছি, কেউ এটাকে নষ্ট করবে তা মেনে নেবো না। দেখি তারা আমার বিরুদ্ধে কী বলে। তারপর করণীয় ঠিক করবো।" ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ারের হয়ে বেশ সফল আফ্রিদি। একদিনের দলে খেলার প্রস্তাব নিয়ে ভাবছেন বলেও জানান তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট লিগেও খেলতে পারেন আফ্রিদি। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশেও খেলার সম্ভাবনা আছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২৩০৭ ঘ.