২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০০ উইকেটের মাইলফলকে হরভজন

ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের কার্লটন বগকে বোল্ড করে নিজের ৪০০তম টেস্ট উইকেট তুলে নেন ভারতের স্পিনার হরভজন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডমিনিকা টেস্টের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের কার্লটন বগকে বোল্ড করে নিজের ৪০০তম টেস্ট উইকেট তুলে নেন ভারতের স্পিনার হরভজন সিং। বিশ্বের একাদশ খেলোয়াড় হিসেবে ৪০০ উইকেটের মালিক হলেন তিনি। আর স্পিনার হিসেবে চতুর্থ। এটা হরভজনের ৯৬তম টেস্ট। ১৯৯৮ সালের মার্চে ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। টেস্টে হরভজনের প্রথম পালায় সেরা বোলিং ৮/৮৪। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচে ওই কীর্তি গড়েন তিনি। ওই ম্যাচের দ্বিতীয় পালায় ১৩৩ রান দিয়ে নেন ৭ উইকেট। দুই পালা মিলিয়ে ২১৭ রান দিয়ে ১৫টি উইকেট দখল করেন। এক ম্যাচের হিসেবে এখন পর্যন্ত এটাই তার সেরা বোলিং। ওই সিরিজে হরভজন একাই দখল করেন ৩২টি উইকেট। টেস্টে ৪০০ বা তার বেশি উইকেট যারা নিয়েছেন: রিচার্ড হ্যাডলি: নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি সর্বপ্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেট পান। ১৯৯০ সালের ২ ফেব্র"য়ারি ভারতের বিপক্ষে খেলায় সঞ্জয় মাঞ্জেকারকে ফিরিয়ে দিয়ে তিনি ওই কৃর্তী গড়েন। সেটা ছিলো তার ৮০তম টেস্ট ম্যাচ। তার মোট টেস্ট উইকেট সংখ্যা ৪৩১। কপিল দেব: ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে কপিল দেব ১৯৯২ সালের ৫ ফেব্র"য়ারি ক্রিকেট জীবনের ১১৫তম টেস্টে মার্ক টেলরকে আউট করে ৪০০ উইকেট তুলে নেন। তার মোট টেস্ট উইকেট ৪৩৪। কোর্টনি ওয়ালশ: নিজের ১০৭তম টেস্ট ম্যাচে স্টুয়ার্ট ম্যাকগিলকে ফিরিয়ে দিয়ে ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ উইকেট দখল করেন। খেলাটি ছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষে পোর্ট অফ স্পেনে। ওয়ালশের মোট টেস্ট উইকেট ৫১৯টি। ওয়াসিম আকরাম: শ্রীলঙ্কার বিপক্ষে ২০০০ সালের ১৪ জুন নিজের ৯৬তম টেস্ট খেলায় রাসেল আর্নল্ডকে ফিরিয়ে দিয়ে ৪০০ উইকেটের মাইলফলকে পৌঁছান ওয়াসিম আকরাম। টেস্ট তিনি মোট উইকেট পেয়েছেন ৪১৪টি। কার্টলি অ্যাম্ব্রোস: ওয়েস্ট ইন্ডিজের এক সময়ের ভয়ঙ্কর পেস জুটির (ওয়ালশ-অ্যাম্ব্রোস জুটি ) অন্যতম কার্টলি অ্যামব্রোস ২০০০ সালের ১৭ অগাস্ট মাইক আথারটনকে ফিরিয়ে দিয়ে নিজের ৪০০তম উইকেটটি নেন। ইংল্যান্ডের বিপক্ষে সেটি ছিলো তার ৯৭তম টেস্ট ম্যাচ। তার মোট টেস্ট উইকেট ৪০৫। শেন ওয়ার্ন: অস্ট্রেলিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ উইকেট নেন শেন ওয়ার্ন। টেস্টে সব মিলে নেন ৭০৮ উইকেট। ২০০০ সালের ২৩ অগাস্ট নিজের ৯২তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে তিনি ওই মাইলফলক অর্জর্ন করেন। তার ৪০০তম শিকার ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট। মুত্তিয়া মুরালিধরন: টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৮০০ উইকেটের মালিক শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ২০০২ সালের ১২ জানুয়ারি জিম্বাবুয়ের হেনরি ওলোঙ্গাকে ফিরিয়ে দিয়ে নিজের ৭২তম ম্যাচে ৪০০তম উইকেট নেন। গ্লেন ম্যাকগ্রা: ২০০২ সালের ১৯ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে নিজের ৮৭তম টেস্ট খেলায় ওয়াকার ইউনুসকে বিদায় করে দিয়ে ৪০০তম উইকেটটি নেন গ্লেন ম্যাকগ্রা। টেস্টে তার মোট উইকেট ৫৬৩। অনিল কুম্বলে: দ্বিতীয় ভারতীয় হিসেবে ৪০০ উইকেট নেন স্পিনার অনিল কুম্বলে। ২০০৪ সালের ৬ অক্টোবর ব্যাঙ্গালোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্যারেন লেহম্যানকে ফিরিয়ে দিয়ে নিজের ৮৫তম ম্যাচে ওই কীর্তি গড়েন তিনি। তার মোট টেস্ট উইকেট ৬১৯। শন পোলক: দক্ষিণ আফ্রিকার একমাত্র খেলোয়াড় হিসেবে ৪০০ টেস্ট উইকেটের 'এলিট' ক্লাবে নাম আছে শন পোলকের। ২০০৬ সালের ১৬ ডিসেম্বর ভারতের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে রাহুল দ্রাবিড়কে ফিরিয়ে দিয়ে ৪০০তম উইকেটটি সংগ্রহ করেন পোলক। টেস্ট তার মোট উইকেট ৪২১টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিএ/১৭৩৯ ঘ.