ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয় খেলোয়াড়দের খেলার সুযোগ না দেয়াসহ বিভিন্ন জটিলতার কারণে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ (এসএলপিএল) ২০১২ সালের অগাস্ট পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য এখনো দেয়া হয়নি।
তবে এসএলপিএলে খেলার জন্য চুক্তিবদ্ধ দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার হার্শেল গিবস ও ডেভি জ্যাকবস ইএসপিএনক্রিকইনফোকে জানান, প্রতিযোগিতাটি এক বছর পিছিয়ে দেয়া হয়েছে।
প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল ১৯ জুলাই।
ভারতের ক্রিকেটাররা না খেলায় এসএলসি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অনেকে ধারণা করছেন। একথা শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দনন্দ আথুগামাগেও কিছুদিন আগে স্বীকার করেন।
ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রথমে জানিয়েছিল, তাদের ক্রিকেটারদের খেলতে দিতে কোনো আপত্তি নেই। কিন্তু পরে তারা সেই অবস্থান থেকে সরে আসে।
প্রতিযোগিতাটি দেখভালের দায়িত্ব পায় সিঙ্গাপুরের একটি বেসরকারী প্রতিষ্ঠান সামারসেট ভেঞ্চার্স। তাই ভারতের বোর্ড মনে করছে, বিতর্কিত কোনো পরিস্থিতির সৃষ্টি হলে খেলোয়াড়রা তাদের পাওনা অর্থ নাও পেতে পারেন। এসএলসি অবশ্য এ ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফর সূচিতে ২০১২ সালের অগাস্টে চার সপ্তাহের একটি ফাঁক আছে। অন্য কথায়, তখন কোনো আন্তর্জাতিক খেলা নেই। সে কারণে প্রতিযোগিতাটি আয়োজনের জন্য ওই সময়টাকেই বেছে নিয়েছে এসএলসি। এই সময়ের মধ্যে বিসিসিআইকেও তাদের খেলোয়াড়দের খেলতে দেয়ার জন্য রাজি করানোর চেষ্টা করবে তারা।
এসএলপিএলের বদলে পাঁচটি প্রাদেশিক দলকে নিয়ে অন্য একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। এতে কোনো বিদেশি খেলোয়াড় খেলবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯২৯ ঘ.
bdnews24