২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম পালায় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২০৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম পালায় বিনা উইকেটে ৮ রান করেছে ভারত। এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পালা গুটিয়ে যায় ২০৪ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম পালায় বিনা উইকেটে ৮ রান করেছে ভারত। এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পালা গুটিয়ে যায় ২০৪ রানে। এক প্রান্তে অভিনব মুকুন্দ ৬ রানে ও অন্য প্রান্তে মুরালি বিজয় ১ রানে অপরাজিত রয়েছেন। ডমিনিকায় প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও ছিলো বৃষ্টির হানা। এ দিন খেলা হয়েছে ৪৯ ওভার ২ বল। এর মধ্যে ৪৩ ওভারের খেলা চলাকালে বৃষ্টি শুরু হয়। পরে আবার খেলা শুরু হলেও আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে তা বন্ধ হয়ে যায়। আগের দিনের ৩ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দুই অপরাজিত ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও শিবনারায়ন চন্দরপল দেখে শুনে খেলতে থাকেন। তবে নিজের ইনিংসকে বেশি দূর নিতে পারেননি চন্দরপল। দলের খাতায় আর ৯ রান যোগ হতেই (চন্দরপলের অবদান ৫ রান ) সাজঘরের পথ ধরেন চন্দরপল (২২)। তবে অন্য অপরাজিত ব্যাটসম্যান ব্রাভো খেলে যেতে থাকেন। সঙ্গী কার্লটন বগ। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দুজনে মিলে ৫৯ রান যোগ করেন। যেখানে ব্রাভোর অবদান ১৯ ও বগের ৪০ রান। এটাই দলীয় সর্বোচ্চ জুটি। দলীয় ১৫৮ রানে ইশান্ত শর্মার বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন ব্রাভো। ১৩৪ বল খেলে ৮টি চারের সাহায্যে ৫০ রান করেন তিনি। দলীয় ২০০ রানে বগকে বোল্ড করে টেস্ট ক্রিকেটে নিজের ৪০০তম উইকেট পান হরভজন সিং। ৭৯ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬০ রান করেন বগ। এটাই দলীয় সর্বোচ্চ রান। দ্রুতই ওয়েস্ট ইন্ডিজের লেজটা ছেটে দেন শর্মা। ভারতের পক্ষে ৭৭ রান দিয়ে ৫ উইকেট নেন শর্মা। দ্বিতীয় টেস্টেও ভারতের সবচেয়ে সফল বোলার ছিলেন তিনি। ওই টেস্টে ১০৮ রানের বিনিময়ে ১০ উইকেট নেন তিনি। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন প্রবিন কুমার ও হরভজন সিং। এজন্য প্রবিন দেন ২২ রান। হরভজন দেন ২৬। প্রথম টেস্টে জিতেছে ভারত। দ্বিতীয়টি অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪০০ ঘ.