দক্ষিণ আফ্রিকার জাতীয় ক্রিকেট একাডেমি দলের বিপক্ষে এ বছরের এপ্রিলে আমরা তিন ধরনের ক্রিকেট খেলেছিলাম। এজন্য প্রস্তুতিও নিয়েছিলাম তিন ধরনের। সফরকারী দলটি বেশ শক্তিশালী ছিল। বিশেষ করে, পেসাররা।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামের উইকেটে প্রথম চারদিনের খেলায় এই পেসারদের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। এছাড়া প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনই ছিলেন বাঁহাতি। এটাও আমাদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়।
প্রথম খেলায় আমাদের ব্যাটসম্যানরা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারেননি। আর বোলাররারও সঠিক লাইন ও লেঙথে বল করতে পারেননি। ফলে হারতে হয় বড় ব্যবধানে।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় চার দিনের খেলাতেই আমাদের দল ঘুরে দাঁড়ায়। বোলাররা উইকেট বরাবর বল করেন। পিচ ছিল স্লো, বাউন্সও কম। সে কারণে সফরকারীদের জন্য ব্যাট করা সহজ ছিল না। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা এ ধরনের উইকেটে খেলে থাকে বলে তাদের ব্যাট করতে অসুবিধা হয়নি। এছাড়া সেশন ধরে ব্যাট করায় স্কোরবোর্ডে বড় স্কোর জমা করা সম্ভব হয়। শট নির্বাচনও ভালো ছিল ব্যাটসম্যানদের। মারার বল মারেন, আর ছাড়ার বল ছেড়ে দেন। সেই সঙ্গে ধৈর্য ধরে খেলারও পুরস্কার পান ব্যাটসম্যানরা। তবে তরুণদের ধৈর্য্য ধরা শেখানো সহজ কাজ নয়।
উইকেট ধরে রেখে খেলাই ছিল হার-জিতের নিয়ামক। আর এই কাজটা ভালোভাবেই করেন ব্যাটসম্যানরা। এ কারণেই স্বাভাবিক খেলা খেলতে আমাদের কোনো সমস্যা হয়নি। তাই দ্বিতীয় ম্যাচে আমরা জিতি।
একদিনের সিরিজে দলে বেশ পরিবর্তন আনা হয়। খেলোয়াড়দের খেলার মেজাজও পাল্টে নিতে হয়। প্রথম খেলায় জিতে আমরা সিরিজে এগিয়ে যাই। পরের খেলায় জিতে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শেষ মুহূর্তের হিসেব-নিকেশ ঠিকভাবে করতে না পারায় আমরা হেরে যাই। শেষ ১০/১১ ওভারে ওদের জয়ের জন্য ৪০-এরও বেশি রান দরকার ছিল। কিন্তু 'পাওয়ার প্লে' নিয়ে বেশি ভাবতে গিয়ে সব এলোমেলো করে ফেলি।
তবে আমাদের সামনেও সুযোগ ছিল সিরিজ জেতার। ব্যাট করছিলেন শেষের দিকের ব্যাটসম্যনরা। তাই বোলারদের কাজ ছিল সঠিক জায়গায় বল ফেলা। অন্য কিছু নিয়ে ভাবার দরকার ছিল না। কিন্তু বোলাররা তা করতে পারেননি।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আমরা জিতে নেই। বাংলাদেশে টি-টোয়েন্টি দারুণ জনপ্রিয়। ক্রিকেটাররাও ছোট দৈর্ঘ্যরে ক্রিকেট ভালো খেলেন। তাদের স্বাভাবিক খেলা সম্ভবত এ ধরনের খেলাতেই বেরিয়ে আসে। তবে দীর্ঘ পরিসরের ক্রিকেটে কীভাবে খেলতে হয় তা রপ্ত করতে হবে।
ব্যাট করার সময় 'ফরম্যাট' অনুযায়ী, ব্যাটিংয়ের ধারা পাল্টে যায়। একদিনের ক্রিকেট বা টি-টোয়েন্টিতে বলের পেছনে যাওয়ার খুব একটা দরকার পড়ে না। কেননা উইকেট ধরে রাখা নয়, রান তোলাই মূল লক্ষ্য থাকে। একজন ব্যাটসম্যান না পারলেও অন্য ব্যাটসম্যান রান করতে পারবেন, এমন একটা বিশ্বাস থাকে।
কিন্তু দীর্ঘ পরিসরের ক্রিকেটে বিষয়টা মোটেও তা নয়। সেখানে ধৈর্য্য ধরতে হয়। উইকেট ও সেশন ধরে খেলতে হয়। খেলতে হয় বলের পেছনে গিয়ে। এভাবে খেলা কিন্তু মোটেও সহজ নয়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করায় একাডেমি দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। সেই সঙ্গে নিজেদের সামর্থ্যও আমরা বুঝতে পেরেছি। এমন কি, প্রত্যাশা সম্পর্কে স্পষ্ট একটা ধারণাও হয়েছে। ফলে ক্রিকেটাররাও বুঝতে পেরেছেন তাদের কি করতে হবে।
বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দিক নিঃসন্দেহে স্পিন আক্রমণ। দেশের পিচ একটু শ্লথ। বল যথেষ্ট ঘোরে, বাউন্সও কম। কিন্তু অন্যান্য দেশে, যেমন দক্ষিণ আফ্রিকার উইকেটে স্পিনারদের বল করা শিখতে হবে। এক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ হতে পারেন ড্যানিয়েল ভেট্টোরি। তিনি দুই ধরনের উইকেটেই সমান কার্যকর। এটা আসলে খেলতে খেলতে শিখতে হয়। কাজে লাগাতে হয় অর্জিত অভিজ্ঞতাকে।
অ্যলান ক্যাম্পবেল এসেছেন, জিওফ লওসন এসেছেন। এটা ক্রিকেটারদের খুব কাজে লাগবে। বিশেষ করে, পেশাদার ক্রিকেটার হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তাদের পরামর্শ কাজে আসবে।
আমরা দক্ষিণ আফ্রিকায় যাচ্ছি শীত কালে। প্রচণ্ড শীতের মধ্যে আমাদের খেলতে হবে। নিঃসন্দেহে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের মতো নয়, দক্ষিণ আফ্রিকার উইকেট একেবারে অন্য রকম।
খেলার ফল যাই হোক না কেন, এই সফরের মধ্য দিয়ে আমাদের ক্রিকেটাররা অনেক অভিজ্ঞতা অর্জন করবেন। কেননা দক্ষিণ আফ্রিকার উইকেট সবুজ ও বাউন্সি। তাই ক্যাম্পবেল ও লওসনের পরামর্শ কাজে লাগানোর সুযোগ পাবেন ক্রিকেটাররা।
(এর আগে টার্নার অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের সহকারী কোচ, অস্ট্রেলিয়ার ক্রিকেট উন্নয়ন কর্মসূচির ব্যবস্থাপক ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) গ্লে
bdnews24