ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরের আগে প্রস্তুতির দিক দিয়ে বাংলাদেশ একটু পিছিয়ে আছে বলে স্বীকার করেছেন আকরাম খান।
জিপি-বিসিবি একাডেমি মাঠে বুধবার প্রধান নির্বাচক আকরাম খান বলেন, "বাংলাদেশের জিম্বাবুয়ে সফর খুব গুরুত্বপূর্ণ।"
প্রস্তুতির দিক দিয়ে পিছিয়ে থাকার কারণ হিসেবে প্রস্তুতি ম্যাচ না খেলতে পারাকে দায়ী করেন আকরাম। সাবেক অধিনায়ক বলেন, "অন্য কোনো বিষয়ে ঘাটতি নেই। ঘাটতি রয়েছে কেবল প্রস্তুতি ম্যাচ খেলতে না পারা। প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে প্রস্তুতি একেবারে নিখুঁত হতো।"
তিনি বলেন, "জিম্বাবুয়ে তাদের মাটিতে নিঃসন্দেহে শক্ত প্রতিপক্ষ। গত ১০-১২ বছরের মধ্যে বর্তমান দলটিই সবচেয়ে শক্তিশালী। প্রায় ছয় বছর ধরে টেস্ট না খেললেও এখন তারা খেলার মধ্যেই আছে। দেশের মাটিতে বেশ কয়েকটি চারদিনের ম্যাচ খেলেছে তারা। তাদের প্রস্তুতিও বেশ ভালো। এগোচ্ছে বেশ সংগঠিতভাবে। দেশে দক্ষিণ আফ্রিকা 'এ' ও অস্ট্রেলিয়া 'এ' দলের সঙ্গে খেলছে। অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।"
তবে পিছিয়ে রাখছেন না বাংলাদেশকেও। বলেন, "এক মাসের 'কন্ডিশনিং' ক্যাম্পের ফলে খেলোয়াড়দের 'ফিটনেস' অনেক বেড়ে গেছে। ক্যাম্পে যোগ দেয়ার আগে খেলোয়াড়দের 'ফিটনেস' সংক্রান্ত রিপার্ট দেখেছি, ক্যাম্প শেষেও তাদের রিপোর্ট দেখেছি। পার্থক্য দেখেই বোঝা যায় তাদের অনেক উন্নতি হয়েছে।"
"খেলোয়াড়রা গত ২/৩ বছরে অনেক ক্রিকেট খেলেছে। সে কারণে 'ফিটনেস' নিয়ে আলাদাভাবে তেমন কোনো কাজ করা হয়নি। এবার সেটা হলো," বলেন তিনি।
আরো ভালো অনুশীলন করা সম্ভব হতো বলে মনে করেন আকরাম। কিন্তু তা না হওয়ার জন্য আবহাওয়াকে দায়ী করেন তিনি। বলেন, "গত কয়েকদিন ধরে আবহাওয়া ভালো যাচ্ছিল না। এ কারণে প্রস্তুতিতে বেশ সমস্যা হচ্ছিল। তবে এখন আবহাওয়া অনেকটা ভালো। আশা করছি, আর কোনো সমস্যা হবে না।"
তিনি বলেন, "সফরের আগেই নতুন 'কোচিং' স্টাফ চলে আসবেন। এখন অবশ্য দু'জন কোচ রয়েছেন।"
আপাতত কোচের দায়িত্ব পালন করছেন সারোয়ার ইমরান। পরে জিম্বাবুয়েতে দলের দায়িত্ব নেবেন স্টুয়ার্ট ল। এতে কোনো সমস্যা হবে না তো? এ প্রশ্নের জবাবে আকরাম বলেন, " দু'জনই পেশাদার কোচ। তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়।"
তিনি আরো বলেন, "কোচ অনুযায়ী পরিকল্পনার পরিবর্তন হয়। যখন যিনি দায়িত্বে থাকেন, তার পরিকল্পনা অনুযায়ী সব কিছু হয়। নতুন কোচ এসে সবকিছু দেখবেন, তারপর তিনি পরিকল্পনা করবেন। বর্তমানে সারোয়ার ইমরান দায়িত্ব পালন করছেন। তিনি সব দেখছেন, আরো ১৫/২০ দিন তার সঙ্গেই অনুশীলন করবেন ক্রিকেটাররা। তিনিই পরিকল্পনা সাজাচ্ছেন।"
আকরাম খানের নেতৃত্বে ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পাওয়ার পথে অনেকটা এগিয়ে যায়। তিনি দলনায়কের দায়িত্ব পালন করেন ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৫১ ঘ
bdnews24