২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় দলের অনুশীলন শুরু

জিম্বাবুয়ে সফরকে সামেনে রেখে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে সফরকে সামেনে রেখে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। রোববার অনুশীলনের প্রথম দিন ডাক পাওয়া ২৩ ক্রিকেটারের মধ্যে ১৫ জন উপস্থিত ছিলেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন বলে অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল অনুশীলনে যোগ দেননি। মাইনর কাউন্টিতে খেলছেন 'স্লো-মিডিয়াম' পেসার সৈয়দ রাসেল। এছাড়া অনুশীলনে যোগ দেননি মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, শুভগত হোম চৌধুরী ও ইলিয়াস সানি। অন্য খেলোয়াড়রা সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোচ সারওয়ার ইমরানের তত্ত্বাবধানে অনুশীলন করেন। জিম্বাবুয়ে সফরের আগে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো নিয়ে কাজ করার জন্য তিন সপ্তাহের মতো সময় পাওয়া যাচ্ছে। একে যথেষ্ট সময় বলে মনে করছেন ইমরান। তিনি বলেন, "এতোদিন ক্রিকেটাররা 'ফিটনেস' ক্যাম্পে ছিলেন। তাই তাদের 'ফিটনেস' আগের চেয়ে ভালো। এ কারণেই কোনো সমস্যা হওয়ার কথা নয়।" "আমাদের শুরুটা ভালোই হয়েছে। প্রথম দিন সেন্টার উইকেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছি। ইনডোরেও অনুশীলন করেছি," বলেন তিনি, "কোনো কারণে বৃষ্টি নামলে ইনডোরে অনুশীলন করবো।" ইমরান তাকে সহায়তা করার জন্য ট্রেনার গ্রান্ট লুডেনকে চেয়েছিলেন। প্রথম দিনই পেয়েছেন তাকে। ইমরান বলেন, লুডেনকে নিয়ে অনুশীলন চালাতে কোনো সমস্যা হচ্ছে না।" অনেকদিন পর টেস্ট খেলবে বাংলাদেশ, পারবে তো? এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, "অবশ্যই পারবে। জিম্বাবুয়ে তো ছয় বছর ধরে টেস্ট খেলে না। তাদের ও আমাদের শক্তি ও দুর্বল দিক মাথায় রেখে কৌশল নির্ধারণ করতে হবে।" বাংলাদেশের সঙ্গে খেলার মধ্য দিয়ে স্বেচ্ছা নির্বাসন থেকে টেস্ট অঙ্গনে ফিরবে জিম্বাবুয়ে। ইমরান বলেন, "৭ থেকে ১০ জুলাই পর্যন্ত চারদিনের একটি ম্যাচ খেলারও পরিকল্পনা রয়েছে। এছাড়া দক্ষিণ আফ্রিকায়ও একটি চারদিনের ম্যাচ খেলার কথা।" মাশরাফি বিন মর্তুজা ও শাহাদাত হোসেনের অভাব তিনি অনুভব করছেন বলে জানান। চোটের কারণে দলে নেই তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪৫ ঘ.