২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনসিংটন টেস্ট ড্র

ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয়টি শুরু হবে ৬ জুলাই থেকে। প্রথম টেস্ট ৬৩ রানে জিতে ১-০ তে এগিয়ে আছে ভারত। কেনসিংটন টেস্টের পঞ্চম দিন শনিবার ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্য বেধে দেয় সফরকারী ভারত। দিন শেষে ৭ উইকেটে ২০২ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। ফলে ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়ার। এর আগে ৬ উইকেটে ২৬৯ রান করে নিজেদের দ্বিতীয় পালা ঘোষণা করে ভারত। প্রথম পালায় তারা করে ২০১ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম গুটিয়ে যায় ১৯০ রানে। জয়ের জন্য ২৮১ রান করতে হবে। হাতে প্রায় পুরো একটি দিন। তাই শুরুতে মনে হচ্ছিলো জয়ের জন্যই খেলছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ৫৫ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে পরাজয়ের শঙ্কাতেই পড়ে যায় স্বাগতিকরা। এরপর রক্ষণাত্মক হয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো ও শিবনারায়ন চন্দরপল। দুজনে মিলে দলের সঙ্গে ৫৪ রান যোগ করেন। যেখানে চন্দরপলের অবদান মাত্র ১২ রান। এজন্য তিনি ৮৭ বল মোকাবেলা করেন। খেলে যেতে থাকেন ব্রাভো। সঙ্গী কার্লটন বাগ। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ব্রাভো যখন সাজঘরে ফেরেন তখন দিনের খেলা আর সামান্যই বাকী। ১৭৪ বল খেলে ৮টি চারের সাহায্যে ৭৩ রান করেন তিনি। এটা ব্রাভোর পঞ্চম টেস্ট অর্ধশতক। বাগ ৪৬ রানে অপরাজিত ছিলেন। ভারতের পক্ষে ৫৩ রান দিয়ে ৪ উইকেট নেন ইশান্ত শর্মা। এর আগে দ্বিতীয় পালায় ৩ উইকেটে ২২৯ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ভারত। আগেভাগেই দ্বিতীয় পালা ঘোষণা করে কেনসিংটন টেস্ট জমিয়ে দিয়েছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এদিন ১৩ ওভার খেলে দলের সঙ্গে ৪০ রান যোগ হতেই দান ছেড়ে দেন ধোনি। যদিও ওই সময়ে আরো তিনটি উইকেট হারায় তারা। ভিভিএস লক্ষ্মণ ৮৭ ও রাহুল দ্রাবিড় ৫৫ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ফিদেল এডোয়ার্ডস ৫ উইকেট নেন ৭৬ রানে। এ নিয়ে নয়বার ৫ উইকেট নিলেন এডোয়ার্ডস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১০৫০ ঘ.