ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়গুলোতেই কেবল সরকারী হস্তক্ষেপ মেনে নেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হারুন লরগাত।
হংকংয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাঁচ দিন ব্যাপী ওই সভা বৃহস্পতিবার শেষ হয়। সভায় আরো সিদ্ধান্ত নেয়া হয় যে, রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে থেকে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সব সদস্য নির্বাচন করতে হবে।
ডন পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে লরগাত বলেন, "একমাত্র নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের উপর সরকারের হস্তক্ষেপ মেনে নেবে আইসিসি। যখন দুইটি দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্কিত বিষয় জড়িত থাকবে এবং নিরাপত্তার কথা বলে একটি দল অন্য একটি দেশ সফর করতে চাইবে না তখনই কেবল সরকারের আদেশ মানবে আইসিসি।"
ক্রিকেট বোর্ড থেকে সরকারের ও রাজনৈতিক ব্যক্তিদের সরিয়ে নিতে সদস্য দেশগুলোকে দুই বছর সময় বেঁধে দিয়েছে আইসিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৫০০ ঘ.
bdnews24