ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেনসিংটন টেস্টের চতুর্থ দিন শেষে ২৪০ রানে এগিয়ে আছে ভারত। দ্বিতীয় পালায় তাদের সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান।
এক প্রান্তে ভিভিএস লক্ষ্মণ ৭২ ও অন্য প্রান্তে বিরাট কোহলি ২৬ রানে ব্যাট করছেন।
প্রথম পালায় ২০১ রান করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের প্রথম পালা গুটিয়ে যায় ১৯০ রানে।
ব্রিজটাউনে শুক্রবার বিনা উইকেটে ২৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মুরালি বিজয় (৩) যেখানে শেষ করেছিলেন থেমে যান সেখানেই। স্কোরবোর্ডে আরো ৩ রান যোগ হলেও সেখানে তার কোনো অবদান ছিল না।
তবে খেলে যেতে থাকেন অন্য অপরাজিত ব্যাটসম্যান অভিনব মুকুন্দ।
মুরালির বিদায়ের পর মাঠে নামেন রাহুল দ্রাবিড়।
মাত্র দুই রানের জন্য নিজের প্রথম টেস্ট অর্ধশতক থেকে বঞ্চিত হন মুকুন্দ। দলীয় ৮৯ রানের মাথায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। ৮১ বলে খেলা তার ৪৮ রানের ইনিংসে ছিলো ৬টি চার।
দৃঢ়তার সঙ্গে খেলে যেতে থাকেন দ্রাবিড় ও লক্ষ্মণ। ১৫৭ বলে নিজের ৬০তম অর্ধশতক পূরণ করেন দ্রাবিড়। তবে ইনিংসটি আর বেশি লম্বা করতে পারেননি তিনি। ৩টি চারের সাহায্যে ১৭১ বলে ৫৫ রান করে বিদায় নেন দ্রাবিড়।
দিনের বাকি সময়টাতে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের হতাশ করে অবিচ্ছিন্নই থেকে যান লক্ষ্মণ ও কোহলী।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন ফিদেল এডোয়ার্ডস। রবি রামপল ১ উইকেট নেন ৫১ রানের বিনিময়ে।
প্রথম টেস্ট ৬৩ রানে জিতে নেয় র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১১০০ ঘ.
bdnews24