২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে এগিয়ে রাখলেন ইশান্ত

ইশান্ত শর্মার ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৩৪ রানে এগিয়ে আছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 05:17 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইশান্ত শর্মার ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৩৪ রানে এগিয়ে আছে ভারত। বৃহস্পতিবার দিন শেষে নিজেদের দ্বিতীয় পালায় কোনো উইকেট না হারিয়ে ২৩ রান করেছে সফরকারী ভারত। এক প্রান্তে অভিনব মুকুন্দ ৮ ও অন্য প্রান্তে মুরালি বিজয় ৩ রানে অপরাজিত আছেন। এর আগে নিজেদের প্রথম পালায় ভারত করে ২০১ রান। জবাবে মর্লোন স্যামুয়েলসের অপরাজিত অর্ধশতকের পরও ১৯০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে প্রথম পালায় ভারত ১১ রানে এগিয়ে থাকে। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল ও স্যামুয়েলস খেলতে থাকেন দেখেশুনে। রান তোলার ব্যাপারে বেশ সতর্ক ছিলেন এই দুই ব্যাটসম্যান। ওভার প্রতি ২ রান করে তোলেন তারা। কিন্তু মধ্যাহ্ন-বিরতির আগে আগে চন্দরপলকে (৩৭) ফিরিয়ে দিয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখে হাসি ফোটান অভিমান্যু মিথুন। তখন ওয়েস্ট ইন্ডিজের রান ১৩৪। ষষ্ঠ উইকেট জুটিতে চন্দরপল ও স্যামুয়েলস দলের সঙ্গে যোগ করেন ৭৭ রান। এর পরের লড়াইটুকু স্যামুয়েলসের একার। শেষ পর্যন্ত ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। তার ১৭২ বলের ইনিংসে ৮টি চার রয়েছে। এটি তার ১১তম অর্ধশশতক। চন্দরপলের বিদায়ের পর অন্য প্রান্ত থেকে তেমন সহায়তা পাননি স্যামুয়েলস। এর মাঝেও অষ্টম উইকেট জুটিতে অধিনায়ক ড্যারেন সামি ও স্যামুয়েলস ৪৩ রানের একটি জুটি গড়েন। কিন্তু দলীয় ১৮৬ রানের মাথায় সামি (১৫) ইশান্তের বলে এলবিডব্লিউ হয়ে গেলে পথ হারায় স্বাগতিকরা। এর পর আর ৪ রান যোগ করে শেষ দুই উইকেট হারায় তারা। ইশান্ত পরপর দুই বলে রবি রামপল ও ফিদেল এডোয়ার্ডসকে ফিরিয়ে দেন। ভারতের পক্ষে ইশান্ত শর্মা ৬ উইকেট নেন ৫৫ রানে। এছাড়া মিথুন ৩৪ রানে নেন ২ উইকেট। প্রথম টেস্ট ৬৩ রানে জেতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১০৫৩ ঘ.