ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিগ ব্যাশ লিগের দল 'সিডনি থান্ডার' এ যোগ দিচ্ছেন ক্রিস গেইল ও ডেভিড ওয়ার্নার।
গেইলকে দলের টানার জন্য দুই লক্ষ পঞ্চাশ হাজার ডলার প্রস্তাব দিয়েছিলো পার্থ স্কোচার্স। তবে গেইল তা ফিরিয়ে দেন।
সিডনি থান্ডারের মহাব্যবস্থাপক জন ডাইসন বলেন, "ক্রিস গেইলকে দলে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজের কোচ থাকাকালীন সময়ে তার সঙ্গে কাজ করেছি। তিনি অভিজ্ঞ এবং তার মত ম্যাচ জেতানোর ক্ষমতা কম খেলোয়াড়েরই আছে। উদ্বোধনী জুটিতে গেইল ও ডেভিড ওয়ার্নারের খেলা দেখা নিঃসন্দেহে উপভোগ্য হবে।"
বিগ ব্যাশের গত দুই আসরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামেন গেইল।
গেইল বলেন, "ওয়েস্ট ইন্ডিজেও ডাইসনের সঙ্গে কাজ করেছি। থান্ডারের জন্য করা তার পরিকল্পনায় আমি মুগ্ধ। এই দলের পক্ষে শিরোপা জেতা সম্ভব। তাছাড়া এই মৌসুমে ওয়ার্নারের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে আমি উন্মুখ।"
অস্ট্রেলিয়ার আটটি শহরকে ভিত্তি করে বিগ ব্যাশের আটটি দল গঠন করা হয়েছে। অন্তত ১৮ জন খেলোয়াড় নিতে হবে প্রতিটি দলকে। এর মধ্যে ১৪ জনকে নিশ্চিত করতে হবে আগামী তিন সপ্তাহের মধ্যে।
দলগুলো সর্বোচ্চ দুজন বিদেশী খেলোয়াড় নিতে পারবে। তবে কোনো বিদেশী খেলোয়াড় জতীয় দলে দায়িত্বের কারণে দেশে ফিরে গেলে অন্য খেলোয়াড়কে দলে টানার সুযোগ থাকছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২৩১৫ ঘ.
bdnews24