ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সদস্য দেশের ক্রিকেট বোর্ড থেকে দু'বছরের মধ্যে রাজনৈতিক ব্যক্তিদের সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে।
হংকংয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভার (এজিএম) শেষদিন বৃহস্পতিবার পূর্ণাঙ্গ কাউন্সিলে এ সংক্রান্ত একটি প্রস্তাব সবার সম্মতিতে গ্রহণ করা হয়। ক্রিকেটকে রাজনৈতিক প্রভাব বলয় থেকে বের করে আনার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয় বলে আইসিসি জানায়।
কাউন্সিলের প্রধান নির্বাহী হারুন লরগাত বলেন, "২০১২ সালের মধ্যে উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে সব সদস্য দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তা নির্বাচন করতে হবে। সেই সঙ্গে সরকারের প্রভাব-মুক্ত করতে হবে বোর্ডগুলোকে।"
যেসব দেশের বোর্ডে বেশি পরিবর্তন আনতে হবে তার মধ্যে প্রথম দিকেই আছে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। পাকিস্তানের রাষ্ট্রপতি দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচন করে থাকেন। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশ মেনে চলে। আর বাংলাদেশে সরকার ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নিয়োগ করে থাকে।
বিসিবি সভাপতি আহম মুস্তফা কামাল ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সংসদ সদস্য। অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও তিনি।
ক্রিকেট বোর্ডগুলোকে রাজনৈতিক প্রভাব-মুক্ত করার প্রস্তাব ফেব্র"য়ারিতে আইসিসির সভায় তোলা হয় প্রথমবারের মতো। এপ্রিলের সভায় এ ব্যাপারে আপত্তি তোলে পিসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/১৯৪০ ঘ.
bdnews24