২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় টেস্ট থেকে হারপার প্রত্যাহার

ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে আম্পায়ার ড্যারেল হারপারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্ট থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে আম্পায়ার ড্যারেল হারপারকে। তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষটি ৬ জুলাই ডমেনিকায় শুরু হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের সদস্য হিসেবে এটি ছিল হারপারের শেষ টেস্ট। তার বদলে ওই টেস্ট পরিচালনা করবেন রিচার্ড কেটলবরো। আইসিসির জেনারেল ম্যানেজার ডেভ রিচার্ডসন জানান, নিজে থেকেই ডমিনিকা টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন হারপার। এর কারণ হিসেবে হারপার অযৌক্তি সমালোচনাকে দায়ী করেন। সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহারের পর থেকে অস্ট্রেলিয়ার হারপার ও শ্রীলঙ্কার অশোকা ডি সিলভার অনেক সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। সে কারণে মে মাসে দু'জনই আইসিসির এলিট প্যানেল থেকে বাদ পড়েন। এমন কি, কিংসটন টেস্টের পর হারপারের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা করেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিসহ বেশ কয়েকজন খেলোয়াড়। তারা তৃতীয় টেস্ট পরিচালনা থেকে তাকে সরিয়ে দেয়ারও দাবি জানান। হারপারের রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে রিচার্ডসন বলেন, "পরিসংখ্যান অনুযায়ী, ভারত খেলেছে, এমন টেস্টে হারপারের সঠিক সিদ্ধান্ত দেয়ার হার ৯৬ শতাংশ। এটি শীর্ষ আম্পায়ারদের চেয়ে অনেক ভালো।" রিচার্ডসন বলেন, "হারপার সিরিজ শেষ করবেন বলে আমাদের বিশ্বাস ছিল। তবে তার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। ১৯৯৪ সালে আম্পায়ার হিসেবে মাঠে নামার পর থেকে ক্রিকেটকে অনেক দিয়েছেন তিনি। টেস্ট পরিচালনার দায়িত্ব দিয়ে তাকে তা শেষ করতে না দেয়াই প্রকৃত লজ্জা।" হারপার ৯৫টি টেস্ট, ১৭৪টি একদিনের ম্যাচ ও ১০টি টি-টোয়েন্টি খেলা পরিচালনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০১০ ঘ.