ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক মাস অনেক কম সময় হলেও এরই মধ্যে খেলোয়াড়দের মধ্যে জয়ের মানসিকতা ও ভিত্তি গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন একাডেমি দলের বিশেষজ্ঞ কোচ অ্যালান ক্যাম্পবেল।
জিপি-বিসিবি একাডেমিতে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে অ্যালান ক্যাম্পবেল বলেন, "বড় দৈর্ঘ্যরে ক্রিকেটের বিবেচনায় একমাস কম সময়। তবে সঠিক পরিকল্পনা নিয়ে এগুলে এই সময়ের মধ্যেও ক্রিকেটারদের মধ্যে ভালো করার মানসিকতা ও ভিত্তি গড়ে তোলা খুব একটা কঠিন হবে না।"
স্বল্প সময়ের জন্য এলেও ক্যাম্পবেলের লক্ষ্য কিন্তু ছোট নয়। তরুণ ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর পাশাপাশি তাদের 'ফিটনেস' ও স্কিল বাড়াতে চান তিনি।
একাডেমি দলের প্রধান কোচ রস টার্নারও মানছেন সে কথা। দায়িত্ব নেয়ার পরপরই বলেছিলেন, খেলোয়াড়দের জন্য সব সময়ই ভালো কোচ চাই। এই ধরনের লোকদেরই পাশে পাচ্ছেন তিনি।
সংবাদ সম্মেলনে টার্নার জানালেন, বোলারদের সহায়তা করার জন্য আসছেন জিওফ লওসন। ক্রিকেটারদের নিয়ে তিন সপ্তাহ কাজ করবেন পাকিস্তানের এই সাবেক কোচ।
এরই মধ্যে ক্যাম্পবেল কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়ে প্রধান কোচ বলেন, এক মাসে তিনি যা করবেন, তা সারা জীবন ক্রিকেটারদের কাজে লাগবে। তিন বছর পর এই ক্রিকেটারদের অনেকে গড়ে উঠবেন নজর কাড়া খেলোয়াড় হিসেবে।"
টার্নার বলেন, "ক্যাম্পবেল একাডেমি দলের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতিতেও সহায়তা করবেন। ওই সফরে এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।"
এর আগেও বাংলাদেশে এসেছিলেন ক্যাম্পবেল। ২০০৯ সালে ঢাকায় লেভেল থ্রি কোচদের একটি কর্মশালায় অংশ নেন তিনি। আর এবার আসলেন জিপি-বিসিবি একাডেমি দলের ব্যাটসম্যান ও উইকেটরক্ষকদের জন্য বিশেষজ্ঞ কোচ হিসেবে।
ঢাকায় এসেই তিনি কাজে লেগে গেছেন। প্রথম দিন সকালে ক্রিকেটারদের নিয়ে দু'টি সেশন কাটানোর পর তিনি তার প্রাথমিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন।
বাংলাদেশ 'এ' দলের ব্যাটসম্যান ও উইকেটরক্ষকদের নিয়েও তার কাজ করার কথা রয়েছে। এছাড়া দেশের শীর্ষস্থানীয় কোচদের সঙ্গেও আলোচনা করবেন। তখন তিনি দলের মধ্যে জয়ের অভ্যাস গড়ে তোলা নিয়ে কথা বলবেন।
একাডেমি দলের চেয়ে 'এ' দলের সঙ্গে কাজ করা তুলনামূলক সহজ হবে বলে মনে করছেন ক্যাম্পবেল। তিনি বলেন, তার একমাসের প্রশিক্ষণে খেলোয়াড়রা কতদূর এগুলেন তার পরীক্ষা মাঠেই হয়ে যাবে।
খেলোয়াড়রা এই সময়ের মধ্যে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। সে সব খেলা থেকেই প্রকৃত চিত্র পাওয়া যাবে।
কম সময়ের জন্য এসেছেন বলেই হয়তো আবহাওয়ার ব্যাপারে বেশ সতর্ক ক্যাম্পবেল। এ প্রসঙ্গে তিনি বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটে আবহাওয়া সব সময়ই ভাবার মতো একটি বিষয়।"
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা দেখে মুগ্ধ ক্যাম্পবেল। তিনি বলেন, "গত ২০ বছরে ক্রিকেট অনেক দূর এগিয়েছে। খেলাটি এখন বিনোদনে রূপ নিয়েছে। তবে ভালো খেলা উপহার না দিলে ক্রিকেট কখনোই বিনোদন হয়ে উঠবে না।"
বাংলাদেশের নতুন কোচ স্টুয়ার্ট ল ও অ্যলান ক্যাম্পবেল একই দেশের নাগরিক। জানা-শোনা আছে দু'জনের মধ্যে। ক্যাম্পবেল জানান, ল কুইন্সল্যান্ডে খেলার সময় তাদের পরিচয় হয়।
২৭ জুন একাডেমি দলের বিশেষজ্ঞ কোচ হিসেবে ক্যাম্পবেলকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নিয়োগের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৩৯ ঘ.
bdnews24