ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিপি-বিসিবি জাতীয় একাডেমি ও বাংলাদেশ 'এ' দলের ব্যাটসম্যান ও উইকেটরক্ষকদের সহায়তা করতে অ্যালান ক্যাম্পবেলকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার বিসিবি'র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "দায়িত্বের অংশ হিসেবে জয়ের অভ্যাস গড়ে তুলতে দেশের শীর্ষস্থানীয় কোচদের নিয়ে কয়েকটি সেমিনার পরিচালনা করবেন ক্যাম্পবেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পবেলে অ্যালানের মূল কাজ ক্রিকেটারদের একটি শক্ত ভীত গড়ে দেয়া। অগাস্টে একাডেমি দলের দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতিতেও সহায়তা করবেন তিনি।
এছাড়া ২৯ জুন থেকে এক মাসব্যাপী একটি স্কিল প্রোগ্রামেও অংশ নেবেন তিনি। এ সময় 'এ' দলের প্রস্তুতিতেও সহায়তা করবেন তিনি।
বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার দৌঁড়ে ছিলেন ক্যাম্পবেলও। তার কোচিংয়ের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ।
ক্যাম্পবেল এর আগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভারতের আইপিএল দল কিংস ইলিভেন পাঞ্জাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ থেকে ২০১০ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের হাই পারফর্ম্যান্স ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি। এক সময় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেন পরে বিভিন্ন সময় বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৪১ ঘ.
bdnews24