২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির বার্ষিক সাধারণ সভা শুরু

সভাপতি নির্বাচনে পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিল হবে কী না-এই প্রশ্নকে সামনে রেখে হংকংয়ে রোববার আইসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 02:27 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সভাপতি নির্বাচনে পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিল হবে কী না-এই প্রশ্নকে সামনে রেখে হংকংয়ে রোববার আইসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরু হয়েছে। সভার দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী দেশগুলোও। কেননা তাদের বাদ দিয়ে ২০১৫ সালের বিশ্বকাপ আয়োজনের একটি বিতর্কিত প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে সভায়। ২৬ ও ২৭ জুন হবে প্রধান নির্বাহী কমিটির সভা, ২৮ ও ২৯ জুন নির্বাহী কমিটির সভা ও ৩০ জুন হবে পূর্ণাঙ্গ কাউন্সিল। ইংল্যান্ড ও ভারত সভাপতি নির্বাচনের পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিলের পক্ষে বলে বিভিন্ন খবরে বলা হয়েছে। বর্তমান পদ্ধতিতে ২০১৪ সালে সভাপতি ও সহ-সভাপতির দায়িত্ব বাংলাদেশ ও পাকিস্তানের নেয়ার কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রেসিডেন্ট ইজাজ বাট সভায় যোগ দেয়ার আগে বলেন, "পাকিস্তান এবার সভাপতি বা সহ-সভাপতি পদের জন্য প্রার্থী দেবে। আমরা পর্যায়ক্রমিক পদ্ধতি বাতিলের পক্ষে যাব কেন?" ২০১৫ সালের বিশ্বকাপে সহযোগী দেশগুলো খেলার সুযোগ পাবে কী না, সে ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে সভায়। এর আগে ১০টি পূর্ণ সদস্য দেশকে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে আইসিসি সহযোগী দেশগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে। তাই আইসিসি সভাপতি শারদ পাওয়ার সাধারণ সভায় বিষয়টি নিয়ে আবারো আলোচনার সিদ্ধান্ত নেন। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস)। আইসিসির ক্রিকেট কমিটি মে মাসে সব ধরনের ক্রিকেটে ডিআরএস ব্যবহারের পক্ষে সুপারশি করে। ভারত এর বিরোধীতা করে আসছে। আইসিসির র‌্যাঙ্কিং পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে বোর্ডের সভা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০১৫ ঘ.