২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ডিআরএস ব্যয়বহুল কিন্তু নিখুঁত নয়'

সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির (ডিআরএস) কড়া সমালোচনা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি নিরঞ্জন শাহ বলেছেন, এটি একেবারে নিখুঁত নয়, তারওপর আবার ব্যয়বহুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির (ডিআরএস) কড়া সমালোচনা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি নিরঞ্জন শাহ বলেছেন, এটি একেবারে নিখুঁত নয়, তারওপর আবার ব্যয়বহুল। এতোদিন বিসিসিআই ডিআরএসের বল 'ট্র্যাকিং'র প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুলছিল। এবার এর অর্থনৈতিক দিক নিয়েও প্রশ্ন তুললো বোর্ড। হংকংয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) শুরুর আগে আগে নিরঞ্জন ভারতের বার্তা সংস্থা ডিএনএকে বলেন, "প্রযুক্তি ব্যবহারের অর্থনৈতিক দিক নিয়েও ভাবা দরকার। বেশির ভাগ বোর্ডের আয়ের উৎস টেস্ট ও একদিনের ম্যাচ। ডিআরএস ব্যবহারের জন্য প্রতি খেলায় ৬০ হাজার ডলার খরচ হয়।" "গত বছর খেলা হয় ৬৫টি টেস্ট ও ১৭০টি একদিনের ম্যাচ। এবার ৬০ হাজার দিয়ে গুন দিন। প্রতি খেলায় একটি বা দু'টি সিদ্ধান্তের জন্য এটি অনেক বেশি অর্থ নয় কি?" প্রশ্ন রাখেন তিনি। আইসিসি প্রযুক্তি ব্যবহারের কথা বলতেই পারে বলে উল্লেখ করে বিসিসিআই সহ-সভাপতি বলেন, কেননা টাকা তো আর তাদের পকেট থেকে দিতে হয় না। সদস্য দেশগুলোকেই ওই অর্থ দিতে হয়। প্রতিটি খেলায় টিকেট থেকে কিছু আয় অবশ্যই হয়। তবে তা পর্যাপ্ত নয়। বর্তমানে মাত্র দু'টি কোম্পানির মাধ্যমে ডিআরএস কার্যকর করা হয়ে থাকে। আরো বেশি কোম্পানি থাকলে ডিআরএসের ব্যবহার সহজ হতো বলে মনে করেন নিরঞ্জন। এ প্রসঙ্গে তিনি বলেন, "দু'টি নয়, দশটি কোম্পানি থাকলে খরচ অনেক কম হতো। প্রতিটি খেলায় এক হাজার আর ৬০ হাজার ডলার খরচের মধ্যে পার্থক্য অনেক।" এছাড়া ডিআরএস ব্যবহারের বর্তমান প্রযুক্তিও নিরঞ্জনের পছন্দ নয়। বর্তমানে হক-আই প্রযুক্তির মাধ্যমে ডিআরএস ব্যবহার করা হয়ে থাকে। টেস্টে একটি দল প্রতি ইনিংসে দু'বার সিদ্ধান্ত পর্যালোচনার সুযোগ পায়। এতে ভুল হলে ওই ইনিংসে আর ডিআরএস ব্যবহারের সুবিধা দলটি পায় না। শাহ বলেন, "কোনো দল প্রথম ওভারে সুযোগ দু'টি নিয়ে যদি ব্যর্থ হয়, তাহলে কী হবে। পরের সময় টুকুতে ডিআরএস কি কাজে আসবে? যদি পুরো ম্যাচেই ডিআরএস ব্যবহার না করা হয়, তাহলে এই প্রযুক্তি ব্যবহারের দরকার কি?" পুরো ম্যাচে ডিআরএস ব্যবহার করা হলে আরো বিপদ, খেলাই শেষ হবে না বলে মনে করেন তিনি। শাহ বলেন, "এছাড়া ডিআরএস ব্যবহারের প্রযুক্তি এখনো শতভাগ নিখুঁত নয়। হক-আই প্রযুক্তিতে সিদ্ধান্ত সঠিক হয়ে থাকে শতকরা ৯৭ ভাগ, শতভাগ নয়। সুতরাং এই প্রযুক্তির জন্য এতো অর্থ ব্যয় করার কোনো অর্থ হয় না। বরং একটু খারাপ লাগারই কথা।" আইসিসির ক্রিকেট কমিটি মে মাসে প্রত্যেকটি টেস্টে ডিআরএস ব্যবহারের সুপারিশ করে। ওই সুপারিশ নিয়ে আইসিসির সাধারণ সভায় আলোচনা হওয়ার কথা। ভারত ডিআরএসের বিরোধীতা করে আসছে। তবে পাকিস্তান এর পক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৫৭ ঘ.