২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আপাতত শুধু টেস্ট খেলবেন ভেট্টোরি

টেস্ট-জীবনকে লম্বা করতে একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট-জীবনকে লম্বা করতে একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আপাতত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ড্যানিয়েল ভেট্টোরি। উইকেন্ড হেরাল্ডকে তিনি বলেন, "টেস্ট খেলার মতো সুস্থ থাকার জন্য আমি আপাতত একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছি।" ৩২ বছর বয়সী ভেট্টোরি বলেন, স্বল্প দৈর্ঘের খেলা থেকে এখন সরে দাঁড়ালে দুই বছরের মধ্যে একদিনের ক্রিকেটে ফেরার একটা সুযোগ থাকবে। আর সব কিছু যদি আমার মতো করে চলে, তাহলে ২০১৫ সালের বিশ্বকাপ দলেও জায়গা পেতে পারি। মার্চে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় ডান হাঁটুতে চোট পান ভেট্টোরি। এ কারণে বিশ্বকাপের গ্র"প পর্বে আর খেলতে পারেননি তিনি। তবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলেন ভেট্টোরি। এই চোট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ভুগিয়েছে তাকে। ছোট দৈর্ঘের খেলা থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে ওই চোটের কথাও বলেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে প্রথম টেস্ট খেলেন ভেট্টোরি। এটিই নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে টেস্ট খেলার রেকর্ড। টেস্টে ৩০০ উইকেট নেয়ার পাশাপাশি ৩০০০ রান করে নিজের যোগ্যতার প্রমাণ তিনি এরই মধ্যে দিয়েছেন। অনেকেই মনে করেন, ৩৪৫ টেস্ট উইকেট নেয়া ভেট্টোরি একদিন টপকে যাবেন স্যার রিচার্ড হ্যাডলিকে (৪৩১)। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ টেস্ট খেলার রেকর্ডও হাতছানি দিচ্ছে তাকে। দেশটির হয়ে সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং খেলেন সবচেয়ে বেশি ১১১টি টেস্ট। আর ১০৫টি টেস্ট খেলেন ভেট্টোরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৪৪ ঘ.