২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসের জন্য নিষিদ্ধ থারাঙ্গা

মাদক পরীক্ষায় উৎরাতে না পারায় তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 04:44 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদক পরীক্ষায় উৎরাতে না পারায় তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। এ সময়কালে থারাঙ্গাকে ক্রিকেট এবং ক্রিকেট সংক্রান্ত সবকিছু থেকে দূরে থাকতে হবে। এবারের বিশ্বকাপ চলার সময় মাদক পরীক্ষায় ব্যর্থ হন তিনি। ৯ মে থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। উঠে যাবে ৯ অগাস্ট। রায় ঘোষণার পর থারাঙ্গা বলেন, "অসাবধানতাবশত অপরাধ করায় আমি শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চাইছি। আশা করি, আমার সতীর্থ ক্রিকেটাররা এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চিকিৎসা নেয়ার আগে আরো সতর্ক হবেন। এতে আমার খেলোয়াড়ী-জীবন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষেত্রে তা হবে না।" কলম্বোয় ২৯ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পর থারাঙ্গার মাদক পরীক্ষা করা হয়। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, মাদক-বিরোধী ট্রাইবুনাল থারাঙ্গার বক্তব্য গ্রহণ করেছে। থারাঙ্গা তাদের বলেন, কাঁধের চোট থেকে পরিত্রাণ পেতে ভেষজ ওষুধ সেবন করেন তিনি। ওই ওষুধে নিষিদ্ধ কোনো উপাদান থাকতে পারে। দীর্ঘদিন ধরে কাঁধের চোটে ভুগছেন থারাঙ্গা। বিবৃতিতে বলা হয়, "ভালো খেলার জন্য থারাঙ্গা এ কাজ করেননি বলে নিশ্চিত হয়েছে ট্রাইবুনাল। প্রাথমিক পর্যায়েই তিনি নিজের দোষ স্বীকার করে নেন। আইসিসির নিয়মানুযায়ী, বিশ্বকাপ থেকে তার অর্জিত রেটিং পয়েন্টও কেড়ে নেয়া হয়েছে।" আইসিসির প্রধান নির্বাহী হারুণ লরগাত বলেন, "থারাঙ্গা প্রতারণা করেননি। তবে মাদক ব্যবহারে আমরা কোনো ছাড় দেব না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২১৫ ঘ.