ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ার মাসুল গুনছেন শচীন টেন্ডুলকার। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের কাছে তাকে হারাতে হয়েছে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান।
নিয়মানুযায়ী না খেললে প্রতিটি টেস্টের জন্য এক শতাংশ করে রেটিং পয়েন্ট হারান ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টে মাঠে নামছেন না শচীন।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যান হিসেবে যৌথভাবে শীর্ষে ছিলেন শচীন টেন্ডুলকার ও ক্যালিস।
ক্যালিসের পয়েন্ট ৮৮৩। এছাড়া অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও শীর্ষ স্থান ধরে রেখেছেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় স্থানে থেকে আগামী সিরিজ শুরু করবেন শচীন। তার পয়েন্ট ৮৭৪। তৃতীয় কুমার সাঙ্গাকারার (৮৩৮) চেয়ে এখনো বেশ খানিকটা এগিয়ে আছেন।
সাবিনা পার্কে ম্যাচ জয়ী শতকের সুবাদে ২০১০ সালের নভেম্বরের পর প্রথবারের মতো শীর্ষ ২০ ব্যাটসম্যানের তালিকায় জায়গা করে নেন রাহুল দ্রাবিড়। ওই খেলায় ৪৫ পয়েন্ট অর্জন করেন তিনি। এর ফলে তিনি এগোন নয় ধাপ।
এদিকে শীর্ষ ১০ ব্যাটসম্যানের তালিকা থেকে ছিটকে পড়েছেন ভিভিএস লক্ষ্মণ। ৫ ধাপ পিছিয়ে তিনি এখন রয়েছেন ১৩ নম্বরে।
অন্যদিকে বোলারদের তালিকার ১১ নম্বরে উঠে এসেছেন ইশান্ত শর্মা। সাবিনা পার্কে ৬ উইকেট নেয়ার সুবাদে তিন ধাপ এগোন তিনি।
শীর্ষে রয়েছেন ডেল স্টেইন। তার পয়েন্ট ৮৯৯। দ্বিতীয় স্থানে থাকলেও পয়েন্টের দিক দিয়ে অনেক পেছনে আছেন ইংল্যান্ডের অফ-স্পিনার গ্রায়েম সোয়ান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৫৭ ঘ.
bdnews24