২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্ক গ্যারান্টির পরও অটল বিসিসিআই

ব্যাঙ্ক গ্যারান্টির প্রস্তাব দেয়ার পরও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) নিজেদের কোনো ক্রিকেটারকে খেলতে না দেয়ার সিদ্ধান্তে অটল রয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাঙ্ক গ্যারান্টির প্রস্তাব দেয়ার পরও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) নিজেদের কোনো ক্রিকেটারকে খেলতে না দেয়ার সিদ্ধান্তে অটল রয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দুই দেশের ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার টেলিফোনে অনেকটা সময় ধরে আলোচনা করে। কিন্তু কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি। এ অবস্থায় ভারতের ক্রিকেটারদের ছাড়াই প্রতিযোগিতাটি আয়োজনের কথা ভাবছে এসএলসি। এসএলপিএলে বিদেশি ক্রিকেটারদের চুক্তির বিষয়টি দেখভাল করেবে সামারসেট এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। তাই কোনো ভরসা পাচ্ছে না বিসিসিআই। বোর্ড বলেছে, কোনো ধরনের ঝামেলা তৈরি হলে ক্রিকেটাররা তাদের পাওনা অর্থ নাও পেতে পারেন। ক্রিকেটারদের খেলতে না দেয়ার ব্যাপারে বিসিসিআইয়ের সিদ্ধান্তের অর্থ হলো ভারতের কোনো চ্যানেলের এই খেলা নাও দেখাতে পারে। এতে আর্থিক দিক থেকে বেকায়দায় পড়বে এসএলসি। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মহেন্দ্র আলোথগামাগে এ কথা মেনে নিয়ে বলেন, "এটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্ত পাল্টাতে তাদের চাপ দিতে পারি না। আমরা তাদের রাজি করানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সাড়া মেলেনি।" টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রী দাবি করেন, এসএলপিএলের সঙ্গে আইপিএলের সাবেক চেয়ারম্যান লোলিত মোদি যুক্ত থাকায় ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেয়া হচ্ছে না। তিনি বলেন, "বিসিসিআই আমাদের জানিয়েছে যে প্রতিযোগিতার সঙ্গে মোদি জড়িত থাকতে পারেন। সে কারণেই ভারতীয় ক্রিকেটারদের খেলতে দেয়া হচ্ছে না।" "মোদি পর্দার আড়ালে থেকে কাজ করছেন বলে ভারতের বোর্ড মনে করে," বলেন মন্ত্রী বিসিসিআই ক্রিকেটারদের খেলার অনুমতি না দিলেও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান এরই মধ্যে তাদের ক্রিকেটারদের খেলার অনুমতি দিয়েছে। টুর্নামেন্টের প্রতি সমর্থন জানিয়েছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফিকাও। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল আগামী সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে অংশ নেয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৫৫১ ঘ.