২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরএস বিরোধীতা: মূল্য দিল ভারত

শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা (ডিআরএস) পদ্ধতির বিরোধীতা করার মূল্য দিতে হয়েছে ভারতকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 10:32 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা (ডিআরএস) পদ্ধতির বিরোধীতা করার মূল্য দিতে হয়েছে ভারতকেই। ঘোরতর সন্দেহ ছিল দলের তিন ব্যাটসম্যানের আউট নিয়ে। ভারত ডিআরএস ব্যবহারের বিরোধীতা না করলে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১৬), বিরাট কোহলি (১৫) ও সুরেশ রায়নাকে (২৭) হয়তো সাজঘরে ফিরে যেতে হতো না। প্রথম বিতর্কিত আউটের শিকার হন কোহলি। ড্যারেল হারপারের সঙ্গে পরামর্শ করে তাকে আউট ঘোষণা করেন ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ড। ফিদেল এডোয়ার্ডসের একটি শর্ট-বল কোহলির বুকে লেগে লেগ-সাইডে চলে যায়। বল লুফে নিয়ে আপিল করেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা। আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলেও কোহলির করার কিছুই ছিল না। কেননা ভারতের বিরোধীতার কারণে খেলায় ডিআরএস প্রয়োগ করা হচ্ছে না। এরপর আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হন রায়না। দেবেন্দ্র বিশুর বল সুইপ করেন তিনি। কিন্তু ব্যাট ফাঁকি দিয়ে শুধু তার নয়, উইকেটরক্ষক কার্লটন বগের থাই-প্যাডে লেগে বল চলে যায় লেগ-স্লিপে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি বল লুফে নিয়েই আউটের আবেদন জানান। সঙ্গে সঙ্গে আঙ্গুল তোলেন হারপার। একই রকম দুর্ভাগ্য ধোনিরও। তাকে আউট দেয়া হয় নো-বলে। বিশুর বল তার ব্যাটের বাইরের দিকে লেগে ক্যাচ উঠে যায় কভার অঞ্চলে। সহজেই ক্যাচটি ধরে ফেলেন ফিদেল। কিন্তু টেলিভিশন-রিপ্লেতে দেখা যায় বলটি ছিল নো। ভারত ডিআরএস ব্যবহারের ঘোর বিরোধী। ইংল্যান্ড সফরেও এই পদ্ধতি ব্যবহারের বিপক্ষে তারা। ভারত ইংল্যান্ড সফরে যাবে জুলাইয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এএনএম/১৬১৮ ঘ.