ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া 'এ' দলে জায়গা পেয়েছেন পিটার সিডল ও জন হেস্টিংস। অস্ট্রেলিয়া 'এ' জিম্বাবুয়ে সফরে যাচ্ছে শনিবার।
অগাস্টে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের আগে জিম্বাবুয়েতে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন তারা।
সিডল বড় দৈর্ঘ্যরে সিরিজে ও হেস্টিংস সীমিত ওভারের সিরিজে খেলবেন। জ্বরের কারণে জেমস ফুকনার বাদ পড়ায় দলে জায়গা পেয়েছেন তারা।
গ্রীষ্মে শেফিল্ড শিল্ডে ১৭.৭২ গড়ে ৩৬ উইকেট নেয়ার সুবাদে ২১ বছর বয়সী ফুকনার দুই দৈর্ঘ্যরে দলেই ডাক পেয়েছিলেন।
গত অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম সদস্য ছিলেন সিডল। বেন হিলফেনাস ও সিডলকে জিম্বাবুয়ে সফরে দলভূক্ত করে অস্ট্রেলিয়া দলের পেসারদের শ্রীলঙ্কা সফরের জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি নেয়ার সুযোগ করে দিচ্ছে।
তাছাড়া প্রতিদ্বন্দ্বিতাও কম নয়। চোট কাটিয়ে রায়ান হ্যারিস ফেরায় শ্রীলঙ্কা সফরে দলে থাকার জন্য নিজেদের প্রমাণ দিয়েই আসতে হবে।
অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু হিলডিচের কণ্ঠে ফুকনারের জন্য ঝরেছে সমবেদনা। তিনি বলেন, "দুর্ভাগ্যজনক ভাবে জ্বরের কারণে ফুকনার এ দল থেকে বাদ পড়েছেন। এটা তার জন্য খুবই হতাশার। পরবর্তী পর্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করতে এ সফর তার জন্য খুব প্রয়োজনীয় ছিল।"
অস্ট্রেলিয়া এ দল স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা এ দলের সঙ্গে তিনজাতি একদিনের সিরিজে অংশ নেবে। পরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি চারদিনের ম্যাচ খেরবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০০৮ ঘ.
bdnews24