ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে গলতে শুরু করেছে ক্রিস গেইল ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সম্পর্কের বরফ।
'দোষী প্রমাণিত হলে ক্ষমা চাইতে আপত্তি নেই'- গেইলের এমন মনোভাবের কথা জানতে পেরে তার সঙ্গে পুনরায় আলোচনায় বসে সমস্যা সমাধানে আগ্রহ দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।
ডব্লিউআইসিবির প্রধান নির্বাহী আর্নেস্ট হিলারি বোর্ডের আগ্রহের কথা জানিয়ে গেইলকে একটি চিঠি লিখেছেন।
"সমাধান না খুঁজে ওই বৈঠকে আগে কি হয়েছে সেটা নিয়েই শুধু আলোচনা হয়েছে।" চিঠিতে ১৪ জুনের বৈঠক সম্পর্কে হিলারি এমনটাই মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
চিঠিতে হিলারি গেইলকে পুনরায় বৈঠকের প্রস্তাব দিয়ে লেখেন, "ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আপনি যা করেছেন সেটা বোর্ডের মনে আছে। দলে আপনার প্রয়োজনীয়তা আমরা বুঝি। তাই যদি আপনি চান তবে আমরা আপনার সঙ্গে পুনরায় আলোচনায় বসে একটি সমাধান খুঁজে বের করতে চাই। আমরা আপনার উত্তরের আপেক্ষা আছি।"
এদিকে একদিন আগেই গেইলের পক্ষে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউআইসিবি) সহকারী প্রধান ওয়েভল হাইন্ডস ইএসপিএনক্রিকইনফোকে বলেছিলেন, "তিনি (গেইল) যতটা সম্ভব সততার সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগের উত্তর দিতে প্রস্তুত। যদি তাকে দোষী সাব্যস্ত করে ক্ষমা চাইতে বলা হয়, আমার ধারণা তিনি তা চাইবেন।"
পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজ থেকে বাদ পড়ায় স্থানীয় একটি বেতারে বোর্ডের কড়া সমালোচনা করেছিলেন গেইল। পরে টেস্ট সিরিজ থেকেও তাকে বাদ দেয়া হয়। ওই সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে মাঠে নেমে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রহকারী হন গেইল। ১০ ম্যাচ খেলে ৭৪.১৪ গড়ে ৫১৯ রান করেন তিনি।
এরপরও ভারতের বিপক্ষে সিরিজে গেইলকে দলে রাখেনি বোর্ড।
১৪ জুন ডব্লিউআইপিএ'র প্রধান দিনানাথ রামনারায়ন বোর্ডের সঙ্গে গেইলের পক্ষ নিয়ে আলোচনা করতে যান। ওই বৈঠকে রামনারায়ন হিলারিকে হুমকি দিয়েছেন বলে খবর পাওয়া যায়। পরে বোর্ড আচরণ পরিবর্তন না করা পর্যন্ত রামনারায়নের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১২১০ ঘ.
bdnews24