ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংসটন টেস্টের তৃতীয় দিন শেষে লড়াই জমে উঠেছে। জয়ের জন্য ভারতের প্রয়োজন ৭ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ১৯৫ রান। হাতে আছে পুরো দুই দিন।
সাবিনা পার্কে বুধবার জয়ের জন্য ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৩১ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।
ড্যারেন ব্রাভো ৩০ ও শিবনারায়ন চন্দরপল ২৪ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে রাহুল দ্রাবিড়ের ৩২তম টেস্ট শতকের সুবাদে দ্বিতীয় পালায় ২৫২ রান করে ভারত। ফলে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩২৬।
প্রথম পালায় ভারত করে ২৪৬ রান। আর ১৭৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম পালা।
দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটসম্যান আদ্রিয়ান বারাথ ৩৮ ও লেন্ডল সিমন্স ২৭ রান করে সাজঘরে ফিরলেও খালি হাতে ফেরেন রামনরেশ সারওয়ান।
ভারতের পক্ষে ইশান্ত শর্মা ২ উইকেট নেন ৪১ রানে। এছাড়া প্রভিন কুমার ২৭ রানে নেন ১ উইকেট।
এর আগে ৩ উইকেটে ৯১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারী ভারত। তবে আগের দিন দৃঢ়তা দেখানো বিরাট কোহলি এদিন টেকেননি বেশিক্ষণ। নিজের খাতায় মাত্র এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন তিনি। দলের রান তখন ১০০।
পঞ্চম উইকেটে দ্রাবিড় ও সুরেশ রায়না যোগ করেন ৪৮ রান। আগের পালায় অর্ধশত করা রায়না ২৭ রান করে সাজঘরে ফেরেন।
এদিকে প্রথম পালার মতো এবারো ব্যর্থ ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১৬)। মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার আগের বলটিতে সাজঘরের পথ ধরেন তিনি। ব্যর্থ হয়েছেন আগের পালায় অর্ধশতক পাওয়া হরভজন সিংও (৫)। তবে খেলে যেতে থাকেন দ্রাবিড়। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২৭৪ বল খেলে ১১২ রান করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অধিনায়ক ড্যারেন সামি ও দেবেন্দ্র বিশু ৪টি করে উইকেট নেন। এজন্য সামি দেন ৫২ রান। বিশু ৬৫। এছাড়া ফিদেল এডোয়ার্ডস ও রবি রামপল একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১১০০ ঘ.
bdnews24