ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুমতি না নিয়ে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেয়ায় মোহাম্মদ হাফিজ ও উমর আকমলকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির মুখপাত্র ইএসপিএনক্রিকইনফোকে জানান, "সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্কের বিষয়ে বোর্ডের যে আইন রয়েছে তা ভঙ্গের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে তাদের। উত্তরের জন্য তাদের সাত দিন সময় বেঁধে দিয়েছে বোর্ড।"
এ বছর মার্চে পিসিবি যে ১৯ জন খেলোয়াড়ের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে তাদের মধ্যে আছেন হাফিজ ও আকমল। বোর্ডের নিয়মানুযায়ী পূর্বানুমতি না নিয়ে চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড় সাংবাদ মাধ্যমে কোনো সাক্ষাৎকার দিতে পারবেন না।
মন্তব্য করার মত করেই হাফিজ অধিনায়কত্ব নিয়ে ও আকমল 'ব্যাটিং অর্ডার' নিয়ে কথা বলেছিলেন।
কিছুদিন আগে বোর্ড সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি, নির্বাচক মোহাম্মদ ইলিয়াস ও পাকিস্তানের মেয়েদের ক্রিকেট দলের খেলোয়াড় সানা মীরকে কারণ দর্শাতে নোটিশ পাঠিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭৪৪ ঘ.
bdnews24