২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি, মিশ্রর জরিমানা

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে আপত্তি জানানোয় অমিত মিশ্রর ম্যাচ ফি'র ১০ শতাংশ কেটে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 08:52 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে আপত্তি জানানোয় অমিত মিশ্রর ম্যাচ ফি'র ১০ শতাংশ কেটে নেয়া হয়েছে। কিংসটন টেস্টের প্রথম দিনে উইকেটের পেছনে ক্যাচ দেন মিশ্র। আম্পায়ারের দেয়া এই সিদ্ধান্তে অসম্মতি জানিয়ে বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে ছিলেন তিনি। তার এই আচরণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আচরণবিধি ভঙ্গের সামিল। মাঠের আম্পায়ার ইয়ান গোল্ড ও ড্যারেল হার্পার ও তৃতীয় আম্পায়ার নরম্যান ম্যালকম ভারতের লেগস্পিনার মিশ্রর বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি জেফ ক্রো বলেন, "উইকেটের পিছনে ক্যাচ দেয়ায় আম্পায়ার মিশ্রকে আউট ঘোষণা করার পরও তিনি বেশ কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে ছিলেন এবং ক্রিজ ত্যাগ করার আগ পর্যন্ত নিজের 'আর্ম গার্ডে'র দিকে ইশারা করছিলেন। যা খুবই হতাশজনক ও অসম্মানের। এটা গ্রহণযোগ্য নয়।" প্রাথমিক পর্যায়ের আইন ভঙ্গে শাস্তি হিসেবে ম্যাচ ফি'র কমপক্ষে ১০ শতাংশ ও সর্বোচ্চ ৫০ শতাংশ কেটে নেয়ার বিধান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭৩৬ ঘ.