ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্টে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় পালায় ৩ উইকেটে ৯১ রান করেছে ভারত। এতে স্বাগতিকদের চেয়ে ১৬৪ রানে এগিয়ে আছে তারা।
এক প্রান্তে রাহুল দ্রাবিড় ৪৫ ও অন্য প্রান্তে বিরাট কোহলি ১৪ রানে ব্যাট করছেন।
এর আগে ১৭৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম পালা। ভারত প্রথম পালায় করে ২৪৬ রান।
সাবিনা পার্কে প্রথম দিন থেকেই বোলাররা সুবিধা পাচ্ছেন। দ্বিতীয় দিনেও উইকেটের চরিত্র খুব একটা পাল্টায়নি। প্রথম দিন উইকেট পড়ে ১১টি। দ্বিতীয় দিনে ১২টি।
প্রথম ইনিংসে ৭৩ রানে এগিয়ে থেকে মঙ্গলবার বিকেলে দ্বিতীয় পালায় ব্যাট করতে নামে ভারত। কোনো রান না করেই ফিরে যান মুরালি বিজয়। অভিনব মুকুন্দ ২৫ রান করে সাজঘরের পথ ধরেন। দলের রান তখন ৫৬।
এক রান যোগ হতেই ভিভিএস লক্ষ্মণও ফেরেন খালি। এতে চাপে পড়ে যায় সফরকারীরা। তবে কোনো বিপদ ছাড়াই বাকি সময়টুকু পার করে দেন দ্রাবিড় ও কোহলি।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রবি রামপল, ড্যারেন সামি ও দেবেন্দ্র বিশু একটি করে উইকেট নেন।
এর আগে প্রথম ইনিংসে ১ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। দলের খাতায় মাত্র এক রান যোগ হতে বিদায় নেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রামনরেশ সারওয়ান (৩)।
তবে খেলে যেতে থাকেন আদ্রিয়ান বারাথ। ৬৪ রান করে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। দলের রান তখন ৯১।
এরপর আর কোনো ব্যাটসম্যানই তেমন সুবিধা করতে পারেননি। কার্লটন বাগ ২৭, শিবনারায়ন চন্দরপল ২৩, ড্যারেন ব্রাভো ১৮ রান করে বিদায় নেন। রবি রামপল অপরাজিত থাকেন ১৪ রানে। এছাড়া আর কেউ দু'অঙ্কে পৌঁছতে পারেননি।
ভারতের পক্ষে ৩টি করে উইকেট নেন ইশান্ত শর্মা ও প্রভিন কুমার। এজন্য শর্মা দেন ২৯ রান। কুমার ৩৮। এছাড়া অমিত মিশ্র ও হরভজন সিং ২টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৭০৫ ঘ.
bdnews24