২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের লাগাম টেলরের হাতে

ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব পেয়েছেন রস টেলর। তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রেন্ডন ম্যাককালামকে পেছনে ফেলে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব পেয়েছেন রস টেলর। তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন তিনি। নিয়মিত অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির চোটের কারণে কখনো কখনো নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ডকে। সে সময় দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়ানোয় টেলরকে বেছে নেয়া হয়েছে নিউজিল্যান্ডের নতুন নেতা হিসেবে। নিউজিল্যান্ড ক্রিকেট আশা করে পূর্বসূরী ভেট্টোরির মতো রস টেলরও দলকে নেতৃত্ব দেবেন ঠাণ্ডা মাথায়। তিন সদস্যের প্যানেল মুগ্ধ রস টেলরে। প্যানেলের সদস্যরা হলেন কোচ জন রাইট, নিউজিল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর জন বুকানন ও ভারপ্রাপ্ত জাতীয় নির্বাচক ম্যানেজার মার্ক গ্রেটবাচ। বিশ্বকাপ থেকে দেশে ফেরার তিনমাস পর দলনেতা বেছে নিল নিউজিল্যান্ড। সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হারের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ভেট্টোরি। সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফরের সময় সহ-অধিনায়ক ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। গ্রেটবাচ বলেন অধিনায়ক হিসেবে টেলরের অতীত রেকর্ডই তাকে বেছে নেয়ার কারণ। ১৪টি একদিনের ও টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। এর মধ্যে দল জেতে ছয়টিতে। অন্যদিকে, ম্যাককালাম ৯ খেলায় দলকে নেতৃত্ব দেন, এর মধ্যে জয় কেবল দুটিতে। দায়িত্ব থাকাকালীন সময়ে আরো উজ্জ্বল টেলরের ব্যাট। গড় ৪৬.৪৫। অন্যদিকে ম্যাককালামে গড় ২৬.২২। গ্রেটবাচ রেডিও স্পোর্টসকে বলেন, "তারা দুজনেই দারুণ ক্রিকেটার। দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলছেন। আমাদের জন্য এটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল। দুজনই যোগ্য ছিলেন, দুজনই ভেট্টোরির অধীনে সহ-অধিনায়ক হিসেবে কাজ করেছেন। তবে আমি নিশ্চিত দলকে দৃঢ়ভাবে নেতৃত্ব দিতে সক্ষম টেলর।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/২১৪৫ ঘ.