ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি আসরে বেশ কয়েক জন তারকা ক্রিকেটার অংশ নিচ্ছেন না।
২৪ জুন থেকে শুরু হতে যাওয়া সুপার এইট টি-টোয়েন্টিতে শহিদ আফ্রিদি, শোয়েব আখতার ও আব্দুল রাজ্জাকসহ কয়েকজন তারকা ক্রিকেটার খেলছেন না।
গত বছর ফয়সাল ব্যাঙ্ক টি-টোয়েন্টি কাপের প্রথম পর্বে ১৩টি দল অংশ নেয়। এর প্রথম আটটি দল এবার সুপার এইট টি-টোয়েন্টিতে অংশ নিচ্ছে।
বিশ্বকাপের পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন শোয়েব আখতার। গত আসরে ইসলামাবাদ লিওপার্ডের হয়ে খেলেন তিনি। অন্যদিকে আফ্রিদি ও রাজ্জাক পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলার চেয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার আগ্রহ প্রকাশ করেছেন।
পিসিবির সঙ্গে বিতর্কে জড়িয়ে আফ্রিদি কাউন্টি ক্রিকেটে খেলার অনাপত্তি পত্র হারিয়েছিলেন। অনাপত্তি পত্র ফিরে পেয়ে বৃহস্পতিবার হ্যাম্পশায়ারের হয়ে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে খেলবেন তিনি।
রাজ্জাক খেলছেন লিচেস্টারশায়ারের হয়ে। অফ স্পিনার সাঈদ আজমল ও পেসার ওয়াহাব রিয়াজও কাউন্টি ক্রিকেটে প্রতিশ্র"তিবদ্ধ থাকায় পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছেন না। আজমল ওরচেস্টারশায়ার ও রিয়াজ কেন্টে খেলেন।
এছাড়া নিষিদ্ধ ত্রয়ী সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ নেই।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি মেলেনি উইকেট রক্ষক কামরান আকমলের। তিনি খেলবেন লাহোর লায়ন্সের হয়ে। কেন্দ্রীয় চুক্তির কারণে ঘরোয়া ক্রিকেট চলাকালে দেশের বাইরে খেলা হচ্ছে না আকমলের।
দল সুপার এইটে উঠতে না পারায় ইমরান ফারহাত, দানিশ কানেরিয়া, ফয়সাল ইকবাল ও হাসান রাজাও খেলছেন না।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৭৪০ ঘ.
bdnews24