২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে এসএলসি

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) ভারতীয় ক্রিকেটার খেলার অনুমতি দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) ভারতীয় ক্রিকেটার খেলার অনুমতি দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করবে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এসএলসি'র চেয়ারম্যান ডিএস ডি সিলভা ও সেক্রেটারি নিশিন্থা রানাতুঙ্গা এসএলপিএলে ভারতের ক্রিকেটারদের খেলার অনুমতি দিতে বিসিসিআইকে রাজি করানোর চেষ্টা করবেন। লন্ডনে দলের সঙ্গে থাকা ডি সিলভা সরাসরি ভারতে যাবেন। আর দেশে থাকা রানাতুঙ্গা সেখাইনেই তার সঙ্গে যোগ দেবেন। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী মহিন্দ্র আলোথগামাগের নির্দেশে ভারত যাচ্ছেন তারা। তিনি এসএলপিএল নিয়ে দুই বোর্ডের সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন। আলোথগামাগে ডেইলি মিররকে বলেন, "আমি চেয়ারম্যান ও সেক্রেটারিকে ভারত যাওয়ার নির্দেশ দিয়েছি। সেখানে তারা ভারতের ক্রিকেটারদের আমাদের টুর্নামেন্টে খেলতে দিতে বিসিসিআইকে রাজি করাবেন।" শনিবার এসএলপিএলকে ব্যক্তি মালিকানাধীন একটি সংস্থার প্রতিযোগিতা হিসেবে অভিহিত করে বিসিসিআই। এ সময় তারা জানায়, এসএলপিএলে ভারতের কোনো ক্রিকেটার অংশ নিতে পারবেন না। ভারতের ১২ জন ক্রিকেটারের এসএলপিএলে অংশ নেয়ার কথা ছিল। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সামারসেটের দিকেই মূলত আঙ্গুল তুলেছে বিসিসিআই। জবাবে বিসিসিআইয়ের বক্তব্য উড়িয়ে দেয় এসএলসি। এ সময় তারা দাবি করে, এসএলপিএল বোর্ডের মালিকানাধীন ও অনুমোদিত প্রতিযোগিতা। এসএলসি সেক্রেটারি নিশান্তা রানাতুঙ্গা বলেন, "এসএলপিএল বোর্ডের অনুমোদিত টুর্নামেন্ট। এর বিপণনের দায়িত্বে রয়েছে সামারসেট। দরপত্রে অংশ নিয়ে তারা এই দায়িত্ব পেয়েছে। কেউ বলতে পারবে না প্রতিযোগিতাটি সামারসেটের মালিকানাধীন।" তিনি বলেন, "বিসিসিআইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক বেশ আন্তরিক। আশা করছি এর বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব। টুর্নামেন্টের প্রথম আসর পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে।" ১৯ জুলাই মাঠে গড়াবে এসএলপিএল, চলবে ৪ অগাস্ট পর্যন্ত। ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, শহিদ আফ্রিদি, ড্যানিয়েল ভেট্টোরি, কেভিন ও'ব্রায়েন ও হার্শেল গিবস এরই মধ্যে টুর্নামেন্টে খেলার জন্য চুক্তি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৭১৬ ঘ.