২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিতে নিল ইংল্যান্ড

বৃষ্টিই খেললো সাউদাম্পটনে। ফলে শ্রীলঙ্কা-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শেষ হলো অমীমাংসিতভাবে। তবে প্রথম টেস্ট জিতে সিরিজ নিজের করে নিয়েছে ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 01:27 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টিই খেললো সাউদাম্পটনে। ফলে শ্রীলঙ্কা-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শেষ হলো অমীমাংসিতভাবে। তবে প্রথম টেস্ট জিতে সিরিজ নিজের করে নিয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনের রোজ বৌলের অভিষেক টেস্টে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল বৃষ্টির আধিপত্য। ফাঁকে ফাঁকে যতটুকু খেলা হয় তাতেও ফলাফল হওয়া অসম্ভব ছিল না। কিন্তু শেষ বেলায় সেটুকুও কেড়ে নিল সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের মূল চরিত্র বৃষ্টি। পঞ্চম দিন সোমবার চা-বিরতি পর্যন্ত সফরকারীরা দ্বিতীয় পালায় ৫ উইকেটে করে ৩৩৪ রান। ফলে শ্রীলঙ্কা এগিয়ে যায় ১৪১ রানে। হাতে ছিল ৫ উইকেট। শেষ পর্যন্ত এক প্রান্তে থিলান সামারাবীরা ৮৭ ও প্রসন্ন জয়াবর্ধনে ৬ রানে অপরাজিত ছিলেন। সামারাবীরা তার ১২৮ বলের ইনিংসটি সাজান ৯টি চার দিয়ে। এটি তার ২৭তম অর্ধশতক। পঞ্চম উইকেট জুটিতে কুমার সাঙ্গাকারা ও সামারাবীরা ১৪১ রান যোগ করে দলকে নিরাপদ জায়গায় নিয়ে যান। দ্বিতীয় সেশনে তারা তোলেন ১০৮ রান। দলীয় ৩২৬ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে সাঙ্গাকারা করেন ১১৯। তার ২৪৯ বলের ইনিংসে রয়েছে ১৬টি চার। এটি তার ২৫তম শতক। এর আগে ৩ উইকেটে ১১২ রান নিয়ে দিনের খেলা শুরু করে সফরকারীরা। প্রথম সেশনে ১১৪ রান যোগ করার পথে হারায় কেবল নাইট ওয়াচম্যান রঙ্গনা হেরাথকে (৩৬)। চতুর্থ উইকেট জুটিতে সাঙ্গাকারা ও হেরাথ তোলেন ৭৫ রান। ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডাসন ২ উইকেট নেন ৮১ রানে। এছাড়া ক্রিস ট্রেমলেট, গ্রায়েম সোয়ান ও স্টুয়ার্ট ব্রড একটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার প্রথম পালার ১৮৪ রানের জবাবে ইংল্যান্ড করে ৩৭৭। ফলে দলটি এগিয়ে যায় ১৯৩ রানে। ইংল্যন্ড প্রথম টেস্ট জেতে এক ইনিংস ও ১৪ রানে। দ্বিতীয় টেস্ট অমীমাংসিভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২২০০ ঘ.