ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে পেসার জহির খান ও শ্রীশান্ত মাঠে নামতে পারবেন না বলে চিন্তায় আছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
বিশ্রাম শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ফিরেছেন ধোনি। কিন্তু চোটের কারণে ভারতের পেস আক্রমণের মূল অস্ত্র জহির খেলতে পারছেন না। মাঠে নামতে পারছেন না শ্রীশান্তও। মুনাফ প্যাটেলও চোটের কারণে অনিশ্চিত।
এদিকে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে বদলি পেসার অভিমান্যু মিথুন এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি।
ধোনি বলেন, "টেস্টে একজন বোলারকে ৪ কিংবা ১০ নয়, ২৫ ওভার বল করতে হয়। তাই আপনি সব সময় আপনার সেরা ও সুস্থ বোলারদেরই দলে চাইবেন।"
এছাড়া চোট পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়। শুক্রবার অনুশীলনের সময় ডানহাতের আঙ্গুলে চোট পান তিনি।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে জ্যামাইকার সাবিনা পার্কে। এরপর ইংল্যান্ডে চার টেস্টের সিরিজ খেলবে ভারত। প্রথম টেস্ট শুরু হবে ২১ জুলাই। এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়াও সফর করবে দলটি।
তবে মূল খেলোয়াড়দের দলে না পাওয়ার একটা সুফলও আছে বলে ধোনি মনে করেন। তিনি বলেন, এতে নতুনরা নিজেদের প্রমাণ করার একটা সুযোগ পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৪৪১ ঘ.
bdnews24