ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্টে ভারত দলের পেস লাইন আপ সাজানো নিয়ে বিপদে পড়তে পারেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ভিসা জটিলতার কারণে ওয়েস্ট ইন্ডিজ যেতে দেরি হচ্ছে অভিমান্যু মিথুনের। ২০ জুন তিনি জ্যামাইকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। সেদিনই সাবিনা পার্কে শুরু হচ্ছে প্রথম টেস্ট। অন্যদিকে চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে মুনাফ প্যাটেলের খেলা। মুনাফ ওই চোটের জন্য শেষ দুটি একদিনের ম্যাচে খেলেননি।
সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলবে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত।
এর আগে চোটের কারণে টেস্ট দলে জায়গা হয়নি জহির খান ও শ্রীশান্থের। তাদের বদলে ডাক পান মিথুন ও একদিনের দলের সদস্য প্রভিন কুমার।
শুক্রবার অনুশীলনে মুনাফ বল না করায় তার খেলা নিয়ে সংশয় বেড়েছে। শেষ পর্যন্ত খেললেও ফিটনেস টেস্টে উৎরাতে হবে তাকে। ভারত দল এখন পর্যন্ত মুনাফের ফিটনেসের ব্যাপারে পরিস্কার করে কিছু বলেনি।
ভারতের কোচ ডানকান ফ্লেচার বলেন, "তার ব্যাপারে মন্তব্য করার পর্যায়ে আমি নেই। তবে আমি যতদূর জানি প্রথম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।"
ভারত শিবিরে দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছেন জ্যামাইকার বাঁ-হাতি পেসার শেলডন কোটেরেল। নেটে তার বলেই বাঁ-হাতে চোট পান উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়। দল আশা করছে তার বড় ধরনের কোনো চোট লাগেনি। শুধু বিজয় নয়, নেটে বল করার সময় গতিতে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ চমকে দিয়েছেন কোটেরেল।
সাবিনা পার্কে এদিনই প্রথম অনুশীলন করেন রাহুল দ্রাবিড়, ধোনি, ভিভিএস লক্ষ্মণ, প্রজ্ঞান ওঝা, মুরালি বিজয় ও অভিনব মুকুন্দ। একদিনের সিরিজ শেষে ভারত দলে যোগ দেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০০ ঘ.
bdnews24