২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো দ্রাবিড়ের অনুপ্রেরণা শচীন

আন্তর্জাতিক ক্রিকেটে পনের বছর পার করার পরও রাহুল দ্রাবিড়ের অনুপ্রেরণা শচীন টেন্ডুলকার। শচীনের সঙ্গে টেস্টে তার ১৯টি শতরানের জুটি রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 11:06 AM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেটে পনের বছর পার করার পরও রাহুল দ্রাবিড়ের অনুপ্রেরণা শচীন টেন্ডুলকার। শচীনের সঙ্গে টেস্টে তার ১৯টি শতরানের জুটি রয়েছে। জ্যামাইকায় শুক্রবার অনুশীলন শেষে সাংবাদিকদের দ্রাবিড় বলেন, "শচীন অনন্য। গত ২-৩ বছর ধরে অসাধারণ ব্যাটিং করছেন তিনি, সম্ভবত জীবনের সেরা খেলাটাই খেলছেন।" ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩টি টেস্ট খেলবে ভারত। সোমবার কিংস্টনে শুরু হচ্ছে প্রথমটি। পরে ইংল্যান্ড সফরে চারটি টেস্ট খেলবে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। দ্রাবিড় বলেন, "ভারত দলে যখন আসি ততদিনে আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের সাত বছরের মতো হয়ে গেছে। ১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি ছিলেন দলনেতা। সে সময় তিনি ছিলেন আমার প্রেরণা এবং এখনো তা পাল্টায়নি।" ১৫০ টেস্টে ৫২.৪৪ গড়ে ১২০৬৩ রান করেছেন দ্রাবিড়। টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার তিনে থাকা দ্রাবিড় ১৫১তম টেস্ট খেলার আগে অনুভব করছেন প্রথম দিনের সেই চাপ। তিনি বলেন, "আমি নিরুদ্বেগ, তবে রান করার চাপ সব সময়ই থাকে।" এখনো ক্রিকেট উপভোগ করেন বলেই খেলছেন বলে জানান দ্রাবিড়। তিনি বলেন, "উপভোগ করি বলেই খেলছি। তবে খেলতে নেমে প্রথম দিকে বিচলিত থাকি। প্রথম টেস্ট হোক আর ১৫১তম টেস্টই হোক অনুভূতি একই রকম।" গত ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ খেলেছেন দ্রাবিড়। একদিনের দলে না থাকায় ৫-৬ মাস সুযোগ পেয়েছেন নিজেকে ভালোভাবে প্রস্তুত করার। তিনি বলেন, "টেস্টে অনেক সময় লম্বা সময়ের বিরতি থাকে। এসময় মনসংযোগ ধরে রাখাটাই কঠিন। ৫-৬ মাস আগে আমরা শেষ টেস্ট খেলেছিলাম। মাঝখানে আইপিএল খেলেছি। সেখান থেকে টানা ৭ টেস্ট খেলার জন্য তৈরি হওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।" দ্রাবিড় বলেন, "আমি অবসর সময় কাজে লাগিয়েছি নিজেকে প্রস্তুত করতে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের জন্য আমি এখন পুরোপুরি প্রস্তুত। আশা করি প্রথম দিকে বেশ কিছু রান পাবো এবং পুরো সিরিজে তার ধারাবাহিকতা থাকবে।" এ নিয়ে চতুর্থবার ওয়েস্ট ইন্ডিজ সফরে এলেন দ্রাবিড়। এখানে সব মিলিয়ে খেলেছেন ১৪টি টেস্ট, দুই শতক ও দশ অর্ধশতকের সুবাদে ৭০ গড়ে করেছেন ১২৬০ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৫৮ ঘ.