ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চম ও শেষ একদিনের খেলায় ভারতকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
জ্যামাইকার সাবিনা পার্কে বৃহস্পতিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক দলের অধিনায়ক ড্যারেন সামি।
ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও রোহিত শর্মার অর্ধশতকের পরও ৪৭ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ২৫১ রান করে ভারত। জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে রামনরেশ সারওয়ান ও ড্যারেন ব্রাভোর অর্ধশতকের সুবাদে ৪৮ ওভার ৪ বলে ৩ উইকেটে জয়ের লক্ষ্য ২৫২ টপকে ২৫৫ রানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। তখনো হাতে ছিল ৮ বল।
ব্যাট করতে নেমে ৫৩ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা। তৃতীয় উইকেট জুুটিতে সারওয়ান ও ব্রাভো ১০৩ রান তুলে দলকে লড়াইয়ে ফেরান। দলীয় ১৫৬ রানের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়ার আগে সারওয়ান করেন ৭৫। তার ৯৪ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছয় রয়েছে। এটি সারওয়ানের ৩৮তম অর্ধশতক।
দলীয় ২১৩ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন ব্রাভো। ৯৯ বলে ৮৬ রান করেন তিনি। ব্রাভো তার ইনিংসটি সাজান ৩টি চার ও ৬টি ছক্কা দিয়ে। এটি একদিনের ক্রিকেটে তার সর্বোচ্চ রান।
বাকি কাজটুকু ভালোভাবেই শেষ করেন মারলন স্যামুয়েলস ও কিয়েরন পোলার্ড। শেষ পর্যন্ত স্যামুয়েলস ২৮ ও পোলার্ড ২৪ রানে অপরাজিত ছিলেন।
ভারতের পক্ষে অমিত মিশ্র ২ উইকেট নেন ৪৬ রানে।
এর আগে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ৭ ওভারে ২১ রানের মধ্যে সাজঘরের পথ ধরেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ান ও পার্থিব প্যাটেল। তৃতীয় উইকেট জুটিতে কোহলি ও মনোজ তিওয়ারি ৫৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন।
দলীয় ৭৯ রানের মাথায় তিওয়ারি ২২ রান করে বিদায় নিলেও ব্যাট করে যেতে থাকেন কোহলি। চতুর্থ উইকেট জুটিতে ১১০ রান তুলে কোহলি ও রোহিত দলকে লড়াইয়ে ফেরান। তবে এক রানের ব্যবধান কোহলি ও অধিনায়ক সুরেশ রায়নাকে হারিয়ে আবারো বিপদে পড়ে সফরকারীরা।
দলীয় ১৮৯ রানের মাথায় বিদায় নেয়ার আগে কোহলি করেন ৯৪ রান। ১০৪ বল খেলে ১০টি চার মারেন তিনি। এটি তার ১৫তম অর্ধশতক। অন্যদিকে রানের খাতা খোলার আগেই ফিরে যান রায়না।
নিজের অর্ধশতকে পৌঁছার পরপরই বিদায় নেন রোহিত (৫৭)। দলের রান তখন ২২৫। তার ৭২ বলের ইনিংসে ২টি চার ও ১টি ছক্কা রয়েছে। এটি তার অষ্টম অর্ধশতক।
শেষ দিকের ব্যাটসম্যানরা ভালো খেলতে না পারায় বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও ১৫ বল আগেই গুটিয়ে যায় ভারত। শেষ ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল একজন ইউসুফ পাঠান (৩০) পৌঁছান দুই অঙ্কের কোঠায়। দলীয় ২৪৫ রানের মাথায় তার বিদায়ের পর ৬ রান যোগ হতেই শেষ ৩ উইকেট হারায় রায়নার দল।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে আন্দ্রে রাসেল ৪ উইকেট নেন ৩৫ রানে। একদিনের ক্রিকেটে এটাই তার সেরা বোলিং। এছাড়া পোলার্ড ও কেমার রোচ নেন দু'টি করে উইকেট। এ জন্য পোলার্ড দেন ৩৯ রান। রোচ ৫২।
এর আগে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় ভারত। আর শেষ দুই ম্যাচ জিতে হারের ব্যবধান কমায় ওয়েস্ট ইন্ডিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০৮৪০ ঘ.
bdnews24