২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নটিংহ্যামশায়ারে তামিম

প্রথমবারের মতো ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবারের মতো ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ডেভিড হাসির বিকল্প হিসেবে অল্প কিছুদিনের জন্য নটিংহ্যামশায়ারে খেলবেন তিনি। এ ব্যাপারে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তি সম্পন্ন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেলে ২৬ জুনের পর নটিংহ্যামশায়ারের পক্ষে বাংলাদেশের সহ-অধিনায়ক তামিমকে মাঠে দেখা যেতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের সিরিজের প্রস্তুতি নিতে দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় হাসি। ২৬ জুন ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টিতে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দলের হয়ে শেষ ম্যাচ খেলবেন তিনি। তবে তামিম কবে ইংল্যান্ড যাবেন তা জানা যায়নি। নটিংহ্যামশায়ারের কোচ এম নিওয়েল বলেন, "ডেভিড হাসি এ মৌসুমে চমৎকার খেলেছেন। অস্ট্রেলিয়াও এখন তাকে ডাকছে। তার সঙ্গে আমাদের চুক্তিতে দেশের হয়ে খেলার সময় তাকে ছেড়ে দেয়ার বিষয়টি ছিল।" ২২ বছর বয়সী তামিম ১৯ টেস্টে ৪০.১৩ গড়ে রান করেন ১৮৪৫। ইংল্যান্ডের বিপক্ষে ছয় ইনিংসের পাঁচটিতেই সফল তিনি। লর্ডস ও ওল্ড ট্র্যাফোর্ডে শতরানের পাশাপাশি তিনটি অর্ধশতক রয়েছে তার। নিওয়েল বলেন, "অল্প সময়ের জন্য ভালোমানের বিকল্প ক্রিকেটার পাওয়া খুব কঠিন। তবে তামিমের মানের একজনের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পেরে আমরা সন্তুষ্ট। তিনি খুবই ভালো খেলোয়াড়। এই বয়সেই তিনি দীর্ঘ টেস্ট জীবন নিশ্চিত করে ফেলেছেন।" কাউন্টিতে খেলা হবে তামিমের কাছে স্বপ্ন পূরণের মতো। এ প্রসঙ্গে তিনি বলেন, "এটা আমার কাছে স্বপ্ন বাস্তব রূপ নেয়ার মতো। পেশাদার ক্রিকেটার হওয়ার পর আমি সব সময়ই কাউন্টি ক্রিকেটে খেলতে চেয়েছি।" ইংল্যান্ডে খেলা সব সময় উপভোগ করেন বলে তামিম জানান। তিনি বলেন, "নটিংহ্যামশায়ারকে ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির শিরোপা জেতাতে চাই। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টিতে খেলার সুযোগ আমার জন্য অনেক সম্মানের। আশা করছি ক্লাব ও সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারবো।" বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে ওরচেস্টারশায়ারে খেলছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০১৬ ঘ.