২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় বসছে বোর্ড ও গেইল

শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ক্রিস গেইল। বিতর্কিত এক বেতার সাক্ষাৎকারের কারণে বোর্ডের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন গেইল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ক্রিস গেইল। বিতর্কিত এক বেতার সাক্ষাৎকারের কারণে বোর্ডের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন গেইল। ভারতের বিপক্ষে খেলতে হলে বোর্ডের সঙ্গে গেইলকে আলোচনায় বসতে হবে বলে একটি শর্ত জুড়ে দেয়া হয়। একদিনের সিরিজে দলে জায়গা না হলেও আলোচনার পর টেস্ট সিরিজে দলে ফিরতে পারেন গেইল। জ্যামাইকার সাবিনা পার্কে ২০ জুন তিন টেস্টের সিরিজের প্রথমটি শুরু হবে। বেতার সাক্ষাৎকারে গেইল বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় বোর্ডের সমালোচনা করেন। ফলে একদিনের সিরিজে মাঠে নামার সুযোগ দেয়া হয়নি গেইলকে। বোর্ডের সমালোচনা করতে গিয়ে তিনি অভিযোগ করেন, তার চোট সারানোর ব্যাপারে বোর্ড কোনো দায়িত্ব নেয়নি। অটিস গিবসনের কোচিংয়ের ধরনেরও সমালোচনা করেন গেইল। প্রশ্ন তোলেন ড্যারেন সামির অধিনায়কত্ব নিয়েও। পরে বোর্ড বিভিন্ন সময়ে গেইলের চোটের ব্যাপারে নিজেদের অবস্থান পরিস্কার করে। তারা দাবি করে, বোর্ডের চিকিৎসক দল নিয়মিত গেইলের চোটের খোঁজ-খবর নেন। কিন্তু গেইল নিজেই চিকিৎসকদের সঙ্গে অসহযোগিতা করেন। এরপর বোর্ড গেইলের আঞ্চলিক দলের প্রতিনিধিত্ব করারও সুযোগ কেড়ে নেয়। ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দিননাথ রামনারায়ণ বলেন, তারা গেইল ও বোর্ডের মধ্যে আলোচনার ফলাফলের দিকে তাকিয়ে আছেন। গেইলের সঙ্গে আলোচনায় বসার জন্য বোর্ডের প্রেসিডেন্ট জুলিয়ান হান্ট ও প্রধান নির্বাহী আর্নেস্ট হিলারি এরই মধ্যে জ্যামাইকা পৌঁছেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৪৬ ঘ.