২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির পিটিশন প্রত্যাহার

সমঝোতার পথে অনেক দূর এগিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও একদিনের দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমঝোতার পথে অনেক দূর এগিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও একদিনের দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। এরই মধ্যে বোর্ডের বিরুদ্ধে সিন্ধু হাইকোর্টে আফ্রিদির দায়ের করা পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন তিনি। শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা ও বোর্ডের সমালোচনা করায় আফ্রিদির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙের অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন, কেন্দ্রীয় চুক্তি বাতিল ও হ্যাম্পশায়ারে খেলার জন্য দেয়া অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয় পিসিবি। এর বিরুদ্ধে সিন্ধু আদালতে ওই পিটিশন দায়ের করেন আফ্রিদি। অবসরের ঘোষণা দেয়ার সময় ও পরে বেশ কয়েকবার আফ্রিদি বলেন, তিনি পিসিবি'র বর্তমান নেতৃত্বের অধীনে খেলবেন না। তবে অন্য নেতৃত্বের অধীনে খেলতে তার আপত্তি নেই। ইসলামাবাদে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট ও আফ্রিদির মধ্যে মঙ্গলবারের বৈঠকের পর দুই পক্ষ সমঝোতায় পৌঁছে। তার অংশ হিসেবেই বুধবার সিন্ধু আদালত থেকে পিটিশন প্রত্যাহার করে নেন আফ্রিদি। বিনিময়ে অনাপত্তি পত্র ফিরে পাবেন তিনি। এতে হ্যাম্পশায়ারের হয়ে তার খেলার পথে কোনো বাধা থাকবে না। তবে পিসিবির শৃঙ্খলা কমিটির শুনানিতে অংশ নিতে হবে আফ্রিদির, এতে তার শাস্তিও হতে পারে। সিন্ধু হাইকোর্টে আফ্রিদির পিটিশন নিয়ে শুনানির তারিখ ছিল ১৬ জুন। তবে ততদিন অপেক্ষ না করে সমঝোতার কারণে বুধবার আফ্রিদির আইনজীবী সৈয়দ আলী জাফর আদালতে হাজির হয়ে পিটিশন প্রত্যাহার করে নেন। সে সময় তিনি বলেন, "দুই পক্ষ সমঝোতায় পৌঁছায় আবেদন প্রত্যাহার করা হয়।" এবার আফ্রিদির শৃঙ্খলা কমিটির শুনানিতে অংশ নেয়ার পালা। গত ৮ জুন এই কমিটির সামনে দাঁড়ানোর কথা ছিল তার। এখনো পর্যন্ত ওই শুনানির সম্ভাব্য সময়ের কোনো ঘোষণা দেয়া হয়নি। আফ্রিদির কেন্দ্রীয় চুক্তি এখনো স্থগিত রয়েছে। আফ্রিদির আইনজীবী মনে করছেন, "শৃঙ্খলা কমিটির সঙ্গে আফ্রিদির বৈঠক এখন কেবলই একটি আনুষ্ঠানিকতা। আমরা আশা করছি অনাপত্তি পাওয়া এখন নিশ্চিত।" আফ্রিদিকে একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার পর বর্তমান সঙ্কটের শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১২০ ঘ.